২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন ক্র্যাশে হলিউডে ব্ল্যাকআউট

সোমবার যুক্তরাষ্ট্রের পশ্চিম হলিউডে বিদ্যুতের তার ধাক্কা দিয়ে ছিঁড়ে ফেলেছিল  একটি ড্রোন। ফলাফল, বিদ্যুৎবিহীন তিন ঘন্টা সময় কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন ওই ড্রোনের অপারেটরকে হন্যে হয়ে খুঁজছে স্থানীয় পুলিশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 08:50 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সিটি কাউন্সিল ব্যক্তিগত ড্রোনের ব্যবহার নিয়ে কড়াকড়ি আরোপ করে নতুন আইন প্রণয়ন করার কয়েক সপ্তাহের মধ্যে মাথায় ঘটলো এই ঘটনা।

বিদ্যুতের তারে ড্রোন বিধস্ত হওয়ার ঘটনার চাক্ষুস সাক্ষী ছিলেন এবিসি নিউজের প্রযোজক ক্রিস গর্ডন। “হঠাৎ করে উজ্জল আলো, বিস্ফোরণের আওয়াজ! তারপর ফুলকি ছুঁড়তে ছুঁড়তে মাটিতে আছড়ে পরলো ড্রোনটি।”- এভাবেই নিজের অভিজ্ঞতা জানান তিনি।

ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে বিদ্যুৎ সংযোগ ছাড়া তিন ঘন্টা সময় পার করেছেন পশ্চিম হলিউডের সাড়ে ছয়শ’ বাসিন্দা। 

ব্যক্তি মালিকানাধীন ড্রোন ক্র্যাশের এটাই প্রথম ঘটনা নয়। সম্প্রতি ইউএস ওপেন চলাকালে টেনিস কোর্টে ক্র্যাশ করেছিল এমন একটি ড্রোন।

এমনকি, ড্রোনের দৌরাত্বের কারণে অগ্নি নির্বাপণের কাজে হেলিকপ্টারের ব্যবহার বন্ধ রাখতে বাধ্য হয়েছিল ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ।

ব্যক্তিমালিকানাধীন ড্রোনের ব্যবহারের উপর কড়াকড়ি আরোপ করে লস অ্যাঞ্জেলেসের সিটি কাউন্সিল নতুন আইন পাস করেছে ১৪ অক্টোবর। ওই আইন অনুযায়ী, কোনো ব্যক্তির ২৫ ফুটের মধ্যে এবং কোনো বিমানবন্দরের ৫ মাইলের মধ্যে ড্রোন উড়ানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে।