২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোশিবার সেন্সর বিভাগ কিনবে সনি

প্রযুক্তি পণ্যের বাজারের চলতি গুজবকে সত্যি প্রমাণ করে তোশিবার সেন্সর নির্মাণ বিভাগ কিনতে যাচ্ছে সনি। বলা হচ্ছে, এতে সনির উৎপাদন ক্ষমতা যেমন বাড়বে তেমনি প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর একটি হবে এটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 12:12 AM

Updated : 25 Apr 2022, 02:03 PM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ জাপানের ওইতা শহরে অবস্থিত তোশিবার কারখানা, কর্মী এবং আনুসাঙ্গিক সবকিছুই এখন সনির নিয়ন্ত্রনে যাওয়ার জন্য প্রস্তুত।

চলতি বছরের মধ্যেই আইনি সমঝোতার কাজ শেষ করে ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে আর্থিক লেনদেনের কাজ শেষ করে ফেলতে চায় উভয় প্রতিষ্ঠান। তবে আর্থিক লেনদেনের সঠিক হিসাব নিয়ে মুখ খোলেনি প্রতিষ্ঠান দুটির কেউই।

সম্প্রতি নিজেদের ইমেজ সেন্সর নির্মাণ বিভাগকে ‘সনি সেমিকন্ডাক্টর কর্পোরেশন’ নামের আলাদা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে সনি। অন্যদিকে অ্যাকাউন্টিং কেলেঙ্কারি ধরা পড়ার পর বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তোশিবার ব্যবস্থাপনা কাঠামো।

ডিজিটাল ক্যামেরার বাজারে বেশ শক্ত অবস্থান ধরে রেখেছে সনি। তবে স্মার্টফোনের বাজারেও নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রতিষ্ঠানটির কাছে ইমেজ সেন্সর নির্মাণ ব্যবসাও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দ্য ভার্জ।

অ্যাপল নিজস্ব পণ্যে সনির তৈরি সেন্সর ব্যবহার করছে অনেক দিন ধরেই। সম্প্রতি শিয়াওমি আর গুগলের মতো প্রতিষ্ঠানও নিজেদের ডিভাইসে সনির তৈরি সেন্সর ব্যবহার শুরু করেছে।

শুধু স্মার্টফোনের বাজারে নয়, ব্যয়বহুল ক্যামেরার বাজারেও আলাদা কদর আছে সনির তৈরি সেন্সরের। নাইকনের তৈরি ক্যামেরার লেন্সেও সনির সেন্সর ব্যবহার করা হয়।