১৫ ডলারের স্মার্টফোন আসছে ভারতে!
ভারতের বাজারে বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন বাজারজাত করতে চাইছে রিলায়েন্স কমিউনিকেশনস এবং কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ডেটাউইন্ড। ২০১৫ সালের মধ্যেই ১৫ ডলার দামের স্মার্টফোনগুলো উন্মুক্ত করতে চায় প্রতিষ্ঠানদুটি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের প্রতিষ্ঠান শিয়াওমির পথ অনুসরণ করতে চাইছে ডেটাউইন্ড আর রিলায়েন্স। সস্তায় স্মার্টফোন বিক্রি করে রাতারাতি সাফল্য পেয়ে স্মার্টফোনের বিশ্ববাজারের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে শিয়াওমি।
ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের টেলিকমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান রিলায়েন্স আর কানাডিয়ান নির্মাতা ডেটাউইন্ডের লক্ষ্য হল ১ হাজার রুপীর কম দামে বিক্রিযোগ্য স্মার্টফোন উৎপাদন করা। ভারতে বৈদেশিক মুদ্রা লেনেদেনের বর্তমান হার মাথায় রেখে হিসাব করলে যা কম-বেশি ১৫ মার্কিন ডলারের সমান।
স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোন হবে না বলে জানিয়েছে দ্য ভার্জ। বরং লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে ডিভাইসগুলো। ধারণা করা হচ্ছে সর্বোচ্চ ২জি সংযোগ সুবিধা থাকবে এতে। বলা হচ্ছে, ২৮ ডিসেম্বর ভারতের বাজারে আনুষ্ঠানিক অভিষেক হবে ডিভাইসগুলোর।
প্রথমবারের মতো স্মার্টফোন কিনবেন এমন ক্রেতাদের কাছেই স্মার্টফোনগুলো বিক্রি করতে চায় ডেটাউইন্ড ও রিলায়েন্স।
এর আগেও কম খরচের হার্ডওয়্যার নির্মাণের অভিজ্ঞতা আছে ডেটাউইন্ডের। ২০১১ সালে ভারতে স্কুলের জন্য ৭ ইঞ্চি স্ক্রিনের আকাশ ট্যাবলেট বানিয়েছিল প্রতিষ্ঠানটি, যুক্তরাষ্ট্রের বাজারে যা বিক্রি হয়েছিল ৩৮ ডলার দামে।
