কল্পনা নয় ‘সারফেইস মিনি’
অবশেষে ‘সারফেইস মিনি’ নিয়ে মুখ খুলেছেন মাইক্রোসফটের পণ্য নির্মাণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট পানোস পানায়।
মাইক্রোসফট ‘সারফেইস মিনি’ নামের ছোট পর্দার ট্যাবলেট ডিজাইন করছে-এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। তবে বরাবরই ডিভাইসটির ব্যাপারে মুখে ‘কুলুপ এঁটে’ ছিলেন মার্কিন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। পানোস পানায়ই প্রথম ব্যক্তি যিনি নিশ্চিত করলেন ‘সারফেইস মিনি’ কেবল কল্পনাপ্রসূত কোনো ডিভাইস ছিল না।
সম্প্রতি প্রযুক্তিবিসয়ক সাইট ওয়াইয়ার্ড ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘সারফেইস মিনি’ নামটি মুখে নিয়েই যেন ডিভাইসটির অস্তিত্ব নিশ্চিত করলেন পানায়।
ওয়াইয়ার্ড ডটকমকে জানান, বাজারজাত করা হয়নি এমন একটি সংস্করণের সারফেইস মিনি সবসময় বিছানায় মাথার কাছে রাখতেন তিনি যেন, মাঝরাতে মাথায় নতুন কোনো আইডিয়া আসলে সেটা যেন চটজলদি লিখে ফেলতে পারেন।
পানায় প্রায় দুই বছর আগের স্মৃতিচারণ করছিলেন বলে জানিয়েছে ওয়াইয়ার্ড ডটকম। সারফেইস মিনি বাজারজাত করা না হলেও ডিভাইসটির উপর দীর্ঘদিনের পরীক্ষা নিরিক্ষা থেকে পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে সারফেইস বুক ল্যাপটপ ডিজাইন করা হয়েছে।
সারফেইস মিনির ব্যবহার মাইক্রোসফটের শীর্ষ কর্মকর্তাদের মধেই সীমাবদ্ধ ছিল এবং অদূর ভবিষ্যতে ডিভাইসটির বাণিজ্যিক বাজারজাতকরণের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আরেকটি প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।
মাইক্রোসফট সারফেইস মিনি নিয়ে একাধিকবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়েও শেষ মুহুর্তে পিছিয়ে এসেছিল বলে জানিয়েছে দ্য ভার্জ। সাইটটির প্রতিবেদন অনুযায়ী সবশেষ ২০১৪ সালে সারফেইস প্রো ৩ ট্যাবলেটের সঙ্গে সারফেইস মিনি উন্মোচনের কথা থাকলেও শেষ মুহুর্তে সিদ্ধান্ত বাতিল করেন প্রতিষ্ঠানটির সিইও সাইত্যা নাদেলা।
সম্প্রতি নতুন হাইব্রিড ল্যাপটপ সারফেইসবুক এবং সারফেইস প্রো ৪ ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগে সারফেইস প্রো ১, সারফেইস প্রো ২ এবং সারফেইস প্রো ৩ ট্যাব বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।
