ফেইসবুকের ‘২জি মঙ্গলবার’
উন্নয়নশীল দেশগুলোতে ২জি সংযোগ ব্যবহার করে ফেইসবুক ব্যবহারের অভিজ্ঞতা কেমন, কর্মীদের সেটা বোঝাতে ‘২জি মঙ্গলবার’ নামের অভিনব এক পন্থা বেছে নিয়েছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটির শীর্ষ কর্মকর্তারা।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ‘২জি মঙ্গলবার’ প্রকল্পের অংশ হিসেবে প্রতি মঙ্গলবার ফেইসবুক কর্মীরা যখন অফিসের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে লগইন করতে চাইবেন তখনই তাদের প্রশ্ন করা হবে তারা ধীর গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করেত চান কি না।
বড় জোর এক ঘন্টা ‘২জি সংযোগ’ ব্যবহার করে ফেইসবুক চালাতে হবে তাদের। এই সময়ের মধ্যে ধীর গতির সংযোগের কারণে কী কী জটিলতার সম্মুখীন হতে হচ্ছে সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের জানাবেন ফেইসবুক কর্মীরা।
ফেইসবুক কর্তৃপক্ষের নতুন এই পদক্ষেপের মূল লক্ষ্যই হচ্ছে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশের ব্যবহারকারীরা সোশাল মিডিয়াটি ব্যবহারের ক্ষেত্রে যেসব জটিলতার শিকার হতে পারেন, সেগুলো প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীদের উপলব্ধি করানো এবং ওই ব্যবহারকারীদের ফেইসবুক ব্যবহার আরও সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্মীদের উদ্বুদ্ধ করা।
এই প্রসঙ্গে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, “বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা কীভাবে ফেইসবুক ব্যবহার করছেন সেটা আমাদের বোঝা প্রয়োজন, যেন আমরা তাদের আরও ভাল অভিজ্ঞতা দিতে পারি।”
৩জি এং ৪জি সংযোগের সহজলভ্যতার কারণে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কী ধরণের জটিলতার মুখে পরতে হয় সে ব্যাপারে পরিষ্কার ধারণা নেই পশ্চিমা দেশগুলোর অনেকেরই। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর বিপুল সংখ্যক ব্যবহারকারী ২জি সংযোগের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করছেন। উন্নয়নশীল দেশগুলোর অনেক স্থানেই ইন্টারনেট সংযোগ এতটাই দুর্বল যে একটি ওয়েবপেইজ লোড হতে ২ মিনিট সময় লাগার ঘটনাও খুব বিরল নয়।
