২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার আক্রমণ নিয়ে এনএসএ’র সতর্কবার্তা

সাইবার জগতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার সমর্থিত হ্যাকারদের সাইবার আক্রমণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে – এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সহ-পরিচালক রিচার্ড লেজেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 08:06 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেজেটের ভাষ্যমতে ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন এমন যে কোনো ব্যক্তি যে কোনো দেশের সরকার সমর্থিত হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার হতে পারেন।

লেজেট আরও জানান, প্রতিটি দেশেরই উচিত নিজ নিজ ‘সীমারেখা’ চিহ্নিত করা এবং তা অতিক্রম না করা। “বিশ্বে প্রতিদিন যত বেশি মানুষ কম্পিউটার ও তথ্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছেন, প্রবেশপথের বাঁধাগুলো ক্রমশ ততটাই নিচে নেমে আসছে এবং দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে।” বলেন এসএসএ’র সহ-পরিচালক।

উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং স্পর্শকাতর ডেটা চিহ্নিত করা এই হুমকি মোকাবেলার একটি পথ বলে মন্তব্য করেন তিনি।

দেশগুলোর অবশ্যই নিজ নিজ বিপদসীমা সম্পর্কে জানতে হবে। কারণ ওই সীমারেখা পার করলেই বিপাকে পড়তে হবে। এ ধরণের সীমারেখা অতিক্রম করার ফলে সাইবার স্পেসেই নানা জটিলতার সমস্যা সৃষ্টি হতে পারে, যা অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন লেজেট।

যুক্তরাষ্ট্র ও চীনের মৌখিক চুক্তি হওয়া স্বত্ত্বেও সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে সাইবার আক্রমণ চালানো হয়েছে, সে আক্রমণে আসলেই চীনের হাত রয়েছে কিনা সে প্রসঙ্গে জানতে চাইলে লেজেট জানান, এত দ্রুত বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।