২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১০০ কোটি ডলার চায় উবার!

এবার আরও ১০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করতে কার্যক্রম শুরু করছে অনলাইনভিত্তিক ‘ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক’ উবার। পাঁচ বছর আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে সাতবার বিভিন্ন পরিমাণের তহবিল সংগ্রহ করেছে বিনিয়োগকারীদের কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:49 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

চলতি বছরের জুন মাসের হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির সামগ্রিক মূল্য ১৮২০ কোটি ডলার সমমানের হলেও, আরও ১০০ কোটি ডলারের নতুন তহবিল সংগ্রহ করতে পারলে খুব শীঘ্রই এর মূল্য ৬ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আর্থিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান প্রিভকো।

নতুন তহবিল সংগ্রহ করতে পারলেও তার মানে এই নয় যে উবারের কাছে নগদ ৬ থেকে ৭ হাজার কোটি ডলার থাকবে। মূলত একটি প্রতিষ্ঠানের সম্ভাবনা বিচার করেই এই মূল্য ঠিক করেন বিনিয়োগকারীরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমিকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের তকমা দখল করে নিয়েছে উবার।      

বর্তমানে বিশ্বের ৬৩টি দেশের ৩০০ শহরে সেবা দিচ্ছে উবার। তবে খুব শীঘ্রই শেয়ারবাজারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এর সিইও ট্রাভিস কালানিক।