‘ওয়াই-ফাই কলিং’ চায় ভেরাইজন
অবশেষে নিজ নেটওয়ার্কে ‘ওয়াই-ফাই কল’ সেবা চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠান ভেরাইজন। ওয়াই-ফাই কলিংয়ের অনুমতির জন্য এফসিসি-এর কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, অক্টোবর মাসের শুরুতেই ভিন্ন মোবাইল ক্যারিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি-কে পরীক্ষামূলকভাবে ২০১৭ সাল পর্যন্ত ওয়াই-ফাই কলিং সেবা চালু করার অনুমতি দিয়েছে এফসিসি।
ভার্জ জানিয়েছে, ওয়াই-ফাই কলিংয়ের বিষয়টি একটু জটিল, কারণ এটি প্রচলিত টেলিটাইপরাইটার (টিটিওয়াই) প্রক্রিয়াকে নির্ভরযোগ্যভাবে সাপোর্ট করে না।
সেপ্টেম্বরে এটিঅ্যান্ডটি তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টি-মোবাইল ও স্প্রিন্ট-এর বিরুদ্ধে এফসিসি-তে অভিযোগ জানিয়েছিল, প্রতিষ্ঠান দুটি টিটিওয়াই সাপোর্টের ব্যাপারে যে নীতিমালা রয়েছে, তা সঠিকভাবে মানছে না।
এদিকে ভেরাইজন তাদের আবেদনে জানিয়েছে, এটিঅ্যান্ডটি-কে যে সুবিধা দেওয়া হয়েছে, তারাও ঠিক একই রকম সুবিধা প্রত্যাশা করছে। ভেরাইজন অবশ্য ইতোমধ্যেই একটি অ্যাপের মাধ্যমে আইওএস ডিভাইস ব্যবহারকারীদের ওয়াই-ফাই কলিংয়ের সেবা দিচ্ছে।
ভেরাইজনের আবেদন এফসিসি মঞ্জুর করবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেই জানিয়েছে ভার্জ।
