গাড়ির এয়ার ব্যাগ হ্যাকিং
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্রমেই বাড়ছে প্রযুক্তি নির্ভর গাড়ির সংখ্যা। চালকের জন্য সহায়ক ওই হাই টেক গাড়িগুলো এখন প্রায়শই হ্যাকিংয়ের শিকার হচ্ছে। সম্প্রতি এই খাতের নতুন এক ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
গাড়ির সারাই কাজের সময় মেকানিকরা যে সফটওয়্যার ব্যবহার করেন, হ্যাকাররা সেটি হ্যাক করে গাড়ির এয়ার ব্যাগ সিস্টেম বন্ধ করে দিতে পারবে বলে সতর্ক করে দিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
মেকানিকের চোখের আড়ালে হ্যাকাররা শুধু গাড়ির এয়ার ব্যাগ নয় আরও অনেক গুরুত্বপূর্ণ অপশন বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে স্কাইনেট ডটকম।
বুদাপেস্ট ইউনিভার্সিটি এবং সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা ক্রাইসিস (CrySyS) ল্যাবের একদল গবেষক সম্প্রতি একটি আউডি টিটি গাড়ির উপর ডেমো দেখান যেখানে হ্যাক করে গাড়ির এয়ার ব্যাগ সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পরও গাড়িটি সংকেত দেখাচ্ছিল যে এয়ার ব্যাগ সিস্টেম এখনো চালু আছে।
ক্রাইসিস ল্যাবের এক গবেষক লেভেন্তে বাতিয়ান বলেন, “যেসব অপশন ডায়গনস্টিক অ্যাপের মাধ্যমে চালু অথবা বন্ধ করা সম্ভব সেগুলো সবই হ্যাক করে চালু বা বন্ধ করা সম্ভব।” আউডির উপর ডেমো দেখানোর সময় বাতিয়ান আরও বলেন, “এটি গাড়ির কোন ত্রুটি নয়। থার্ড পার্টি সফটওয়্যারের কারণে এ ধরণের কাজ সম্ভব হচ্ছে।”
এই অবস্থা চলতে থাকলে চালকদের ভবিষ্যতে বড় বিপদের মধ্যে পরতে হতে পারে। তাই হ্যাকারদের ঠেকাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে স্কাইনেট।
