২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ডওয়্যারের দিকে ঝুঁকছে মাইক্রোসফট

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভবিষ্যতে আরও নিজস্ব ডিভাইস বাজারে ছাড়ার  প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট।সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হলেও বিগত কয়েক বছর ধরে হার্ডওয়্যারের দিকেও নজর দিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই এই খাতে নিয়ে বেশ বড় পরিসরে পরিকল্পনাও করছে মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 09:26 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কোনো একক ডিভাইস বা একক ধরনের ডিভাইস বাজারে আধিপত্য বিস্তার করবে না মূলত এমনটাই চাইছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

মাইক্রোসফটের নতুন পরিকল্পনা হচ্ছে, তারা নিবন্ধিত অন্যান্য হার্ডওয়্যার ডিভাইস নির্মাতাদের জন্য উইন্ডোজ এবং এর সফটওয়্যার তৈরির কার্যক্রমের পাশাপাশি নিজস্ব ফোন আর সারফেস ডিভাইসও তৈরি করবে।এছাড়া আইওএস ডিভাইসের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, একই সঙ্গে অন্যান্য ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের কাছে নিজেদের সফটওয়্যার বিক্রি ও নিজস্ব ডিভাইসে একই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নিজেদের পণ্যের জন্য আলাদা বাজার তৈরি করতে চাইছে মাইক্রোসফট।

এই লক্ষ্য অর্জনের জন্য মাইক্রোসফট ঠিক কী ধরনের ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে সেটাই দেখার বিষয় বলে মন্তব্য করেছে নিউ ইয়র্ক টাইমস।