মিউজিক স্ট্রিমিংয়ের ‘উল্টো পিঠ’
কোনো রেকর্ড প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ না হয়েও বিভিন্ন মিউজিক স্ট্রিমিং সেবার মাধ্যমে আয় করতে পারছেন অসংখ্য সংগীতশিল্পী। অনলাইন মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাই বা প্যানডোরা থেকে প্রাপ্ত ‘অপ্রত্যাশিত’ সম্মানী পাচ্ছেন শিল্পীদের অনেকেই।
মিউজিক স্ট্রিমিংয়ের আর্থিক কার্যকারিতার বিষয়টি এখনও ‘বিতর্কিত’। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বারবার নানা সমস্যার সম্মুখীন হচ্ছে স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায়ই আইনি নোটিশ পাঠান বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পী। এদের কারও অভিযোগ তারা যথার্থ সম্মানী পাচ্ছেন না আবার কেউ অভিযোগ করছেন, তারা একেবারেই সম্মানী পাচ্ছেন না। তবে এর ব্যতিক্রমও রয়েছে।
মিউজিক স্ট্রিমিং থেকে শিল্পীদের আয়ের বিষয়টি ভালোভাবে ব্যাখ্যার জন্য এক স্বাধীন সঙ্গীতশিল্পীর উদাহরণ দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পেরিন ল্যাম্ব নামের ওই সংগীতশিল্পীর গান স্পটিফাইয়ে এক কোটিবার স্ট্রিমিং হবার পর, তিনি সাইটটির তরফ থেকে ৪০ হাজার ডলার সম্মানী পেয়েছেন। অথচ তিনি জানতেনই না যে তার গানটি স্পটিফাইয়ে জনপ্রিয় একটি প্লেলিস্টের অন্তর্ভূক্ত!
পরবর্তীতে স্ট্যান্ডার্ড লেবেল প্রক্রিয়ার মাধ্যমে ‘সিডি বেবি’ নামের এক বাজারজাতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাম্ব বাজারে একটি অ্যালবাম ছেড়েছিলেন। এর মাধ্যমে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন, তা বাজারে প্রচলিত রেকর্ড প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও পাওয়া সম্ভব হয় না বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এ ছাড়া গানগুলোর স্বত্ত্বও তার কাছেই রয়ে গেছে বলে জানিয়েছেন ল্যাম্ব।
অন্যদিকে স্ট্রিমিং সাইটগুলোর সম্মানী আসলেও যথেষ্ট অল্প বলেই মন্তব্য করেছেন সিডি বেবির প্রধান নির্বাহী ট্রেসি ম্যাডাক্স।
