২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটিপতির শখ

কথায় আছে ‘শখের তোলা আশি টাকা’।তবে দাম যতই হোক না কেন পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা থাকলে কোনো শখই সম্ভবত অপূর্ণ থাকেনা। এমনটি ঘটেছে রাশিয়ান কোটিপতি ইউরি মিলনারের ক্ষেত্রে। নিজের বাসার বিভিন্ন জায়গায় ৫০টি ফ্ল্যাট স্ক্রিন টিভি বসিয়েছেন এই ধনকুবের। এখন কেপলার স্পেস টেলিস্কোপের সঙ্গে এই টেলিভিশনগুলোর সংযোগ স্থাপন করতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 01:37 PM

স্কাই নিউজ জানিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লাগুনা বিচে আয়োজিত প্রযুক্তিবিষয়ক এক সম্মেলনে নিজের বিলাসবহুল জীবন সম্পর্কে মিলনারের কাছে জানতে চাওয়া হয়।

তখনই ১০ কোটি ডলার খরচ করে কেনা প্রাসাদে শিল্পকর্ম সরিয়ে ৫০টি টিভি স্থাপনের কথাটি বলেন মিলনার। 

বাড়িটি বিক্রি হওয়ার পর আগের মালিক দেয়াল থেকে সব শিল্পকর্ম সরিয়ে নেন। তারপর খালি দেয়ালে ৫০টি বিশালাকার ফ্ল্যাট-স্ক্রিন টিভি স্থাপন করেন প্রায় ৩০০ কোটি ডলারের মালিক মিলনার।

এই প্রত্যেকটি টিভিতেই নাসার কেপলার স্পেস টেলিস্কোপ থেকে স্ট্রিমিং সুবিধা ভোগ করতে চান মিলনার।

ওয়াল স্ট্রিট জার্নালের আয়োজিত ওই সম্মেলনে সময়ের অপচয় কমাতেই সবসময় নির্দিষ্ট কিছু পোশাক পরেন বলে জানান মিলনার।

এক্ষেত্রে ব্যবসাসংক্রান্ত কাজে পিনস্ট্রিপ স্যুট এবং ঘরোয়া অনুষ্ঠানে নাইকি শার্ট এবং শর্টস বেছে নেন তিনি।

এ ছাড়া নিতান্ত প্রয়োজনীয় উপাদানসমৃদ্ধ খাদ্য ছাড়া অন্য কিছু খুব একটা গ্রহণ করেন না মিলনার। খাদ্য তালিকায় তাই স্যামন মাছ এবং প্লেইন হোয়াইট অমলেটের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।

আলিবাবা কিংবা গ্রুপনের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগকারী এই কোটিপতির মহাকাশের প্রতি রয়েছে ব্যাপক আগ্রহ। মহাকাশে ভ্রমণ করা প্রথম মানুষ ইউরি গ্যাগারিনের নামের সঙ্গে মিল রেখেই তার নাম রাখা হয়েছে বলে তিনি জানান। 

এর আগে চলতি বছরের শুরুতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের জন্য ১০ কোটি ডলার খরচ করার ঘোষণা দেন এই রাশিয়ান কোটিপতি।