চাকরি ছাড়লেন ‘মেটাল গিয়ার’ গুরু
টানা ত্রিশ বছর প্রতিষ্ঠানে কাজ করার পর চাকরি ছেড়ে দিলেন মেটাল গিয়ার গেইমের গুরু হিডেয়ো কোজিমা। তাকে বিশ্বের একজন অন্যতম সফল গেইম ডিজাইনার হিসেবে ধরা হয়।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম স্কাইনিউজ জানিয়েছে, আভ্যন্তরীন কলহের কারণেই এ মাসের শুরুতে গেইমিং প্রতিষ্ঠান কোনামি ছেড়ে দিয়েছেন কোজিমা।
তবে বিষয়টির সত্যতা অস্বীকার করে কোনামির পক্ষ থেকে জানানো হয়েছে, কোজিমা কর্মক্ষেত্রে দীর্ঘ বিরতি পাচ্ছিলেন না, এজন্যই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। অন্যদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই নিরব রয়েছেন কোজিমা। তারপরে টুইটারে এ প্রসঙ্গে নতুন আর কোনো টুইট পোস্ট করেননি তিনি।
গুজব ছড়িয়েছে, মেটাল গিয়ার গেইম সিরিজের পঞ্চম সংস্করণ মেটাল গিয়ার সলিড ফাইভ: দ্য ফ্যান্টম পেইন তৈরিতে সময় বেশি লাগছিল। আর এ বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সমস্যা শুরু হয় কোজিমার। ফলে এক পর্যায়ে, ত্রিশ বছরের কর্মক্ষেত্র ছেড়ে দেন তিনি।
তবে চাকরির পাশাপাশি আরও বেশ কিছু সুযোগও ছাড়তে হয়েছে কোজিমাকে। কোজিমা এবং চলচ্চিত্র পরিচালক গিয়েমো ডেল টরোর মধ্যে চলচ্চিত্র নিয়ে কথাবার্তা হচ্ছিল, যা এখন বাতিল হয়ে গেছে। এ ছাড়াও ফ্যান্টম পেইনের বাক্স থেকে কোজিমার নামও মুছে দেওয়া হরয়েছে বলেই জানিয়েছে স্কাইনিউজ।
গেইমিং প্রতিষ্ঠান কোনামির সঙ্গে কোনাজির ডিসেম্বর পর্যন্ত একটি চুক্তি রয়েছে, চুক্তিবদ্ধ থাকাকালীন তিনি অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন না। ১৯৮৬ সালে কোনামিতে যোগদান করে কোজিমা এবং যোগদানের বছরখানেক পরেই মেটাল গিয়ার সিরিজ তৈরি করেন।
