এনভিডিয়ার এআই বিশেষজ্ঞ অ্যাপলে
অ্যাপলে যোগ দিয়েছেন গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিউ) নির্মাতা হিসেবে পরচিত প্রতিষ্ঠান ‘এনভিডিয়া’র ডিপ লার্নিং সফটওয়্যার বিভাগের বিভাগের পরিচালক জোনাথন কোহেন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিশেষজ্ঞ কোহেন নিজেই তার লিংকডইন পেইজে এ নিয়োগের কথা জানান। ধারণা করা হচ্ছে চালকবিহীন গাড়ি বানানোয় অ্যাপলের পরিকল্পনা বাস্তবায়ন করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যাপলবিষয়ক খবরের সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট প্যাটার্ন এবং ডেটা শনাক্ত এবং তা মানুষের মতো করে সংগঠিত করতে ডিপ লার্নিং ব্যবহার করা হয়। চালকবিহীন গাড়ি নিয়ে গবেষণার জন্যই এনভিডিয়া ডিপ লার্নিং ব্যবহার করে আসছিল।
অ্যাপলে নিজের পদ নিয়ে লিংকডইন পেইজে কিছু জানাননি কোহেন। ২০০৮ সালে সিনিয়র রিসার্চ সায়েনটিস্ট হিসেবে এনভিডিয়ায় যোগ দেন কোহেন। চলতি বছর তিনি প্রতিষ্ঠানটির ডিপ লার্নিং সফটওয়্যার বিভাগের পরিচালক নির্বাচিত হন।
এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং ব্লাড ফ্লো প্রেডিকশন সফটওয়্যারের কাজে ব্যবহার করা ‘এনভিডিয়া সিইউডিএ প্ল্যাটফর্ম’ এর সঙ্গেও জড়িত ছিলেন কোহেন। বর্তমানে সিরি এবং অ্যাপল ম্যাপস-এ ডিপ লার্নিং ব্যবহার করছে অ্যাপল।
সম্প্রতি ডিপ লার্নিং ব্যবহার করে চালকবিহীন গাড়ি বানানোর জন্য এনভিডিয়া ড্রাইভ পিএক্স প্ল্যাটফর্মে কাজ করছিলেন কোহেন। তাই কোহেনের এই দক্ষতা বহুল আলোচিত অ্যাপল কার বানানোয় কাজে লাগানো হতে পারে বলে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যাপল ইতোমধ্যে চালকবিহীন গাড়ি সংক্রান্ত আইন নিয়ে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেইকল (ডিএমভি) বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বলে প্রতিবেদনটিতে বলা হয়।
গত কয়েক বছরে টেসলা, স্যামসাং এবং ফোর্ডের মতো প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নিজেদের দলে টেনেছে অ্যাপল। সম্প্রতি ইলেকট্রিক মোটর সাইকেল স্টার্ট আপ মিশন মোটর থেকেও লোক নিয়োগ দেয় অ্যাপল যার ফলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
চলতি বছরের সেপ্টেম্বরে ২০১৯ সালে বাজারজাতের লক্ষ্যে অ্যাপল চালকবিহীন গাড়ি বানানোর পরিকল্পনা নিয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে।
