আইওএস-এ ‘মধ্যমা’ দেখানোর সুযোগ
অবশেষে বহুল প্রতিক্ষীত ‘মিডল ফিঙ্গার’ ইমোজি পেয়েছেন আইওএস ব্যবহারকারীরা। আর বিশেষ এই ‘মধ্যাঙ্গুলি’ ইমোজির জন্যই নাকি প্রচুর সংখ্যক অ্যাপল ভক্ত আইওএস ৯.১ ডাউনলোড করছেন।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, নতুন ৯.১ আইওএস-এ যে শুধু মিডল ফিঙ্গার ইমোজি দেওয়া হয়েছে তা নয়, পূর্ব আইওএস-এর বেশ কিছু বাগ ও নিরাপত্তা ত্রুটিও সংশোধন করা হয়েছে।
এতদিন আইওএস ব্যবহারকারীরা কোনো কিছুতে বিরক্তি প্রকাশের জন্য ‘রাগান্বিত’, ‘মুষ্টিবদ্ধ’ ইত্যাদি ইমোজি ব্যবহার করতেন। কিন্তু এখন অ্যাপলের বদৌলতে বিরক্তি প্রকাশের জন্য সরাসরি ‘মধ্যাঙ্গুলি’ ইমোজি ব্যবহার করতে পারবেন আইওএস ৯.১ ব্যবহারকারীরা।
গার্ডিয়ান জানিয়েছে, অধিকাংশ আইওএস ব্যবহারকারী ১৫০ ইমোজি পাওয়ার জন্যই আইওএস ৯.১ ইন্সটল করছেন। নতুন ইমোজিগুলোর মধ্যে বেশিরভাগই আগের ইমোজি এবং ইউনিকোড ৮ স্ট্যান্ডার্ডের। তবে নতুন ইমোজির সংখ্যাও কম নয়। নতুন ইমোজিগুলোর মধ্যে মধ্যাঙ্গুলি ছাড়াও ‘টাকো’, ‘বুরিতো’, ‘হটডগ’ ইত্যাদি ইমোজি রয়েছে।
এ ছাড়াও নতুন আইওএস আপডেটটিতে বাগ ও নিরাপত্তা ত্রুটিসহ নতুন এক প্রক্রিয়া যোগ করা হয়েছে। নতুন ওই প্রক্রিয়াটি ‘লাইভ ফটোস’ নেওয়ার সময় ফোন বেশি নিচে নামিয়ে বা উপরে উঠিয়ে ফেললে তা স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারবে এবং ব্যবহারকারীকে জানিয়ে দেবে। সবমিলিয়ে নতুন আপডেটটি হ্যাকারদের হাত থেকে আইওএস ব্যবহারকারীদের নিরাপদ রাখবে বলেই জানিয়েছে গার্ডিয়ান।
