২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারী হ্যাকে সতর্ক করবে ফেইসবুক

সরকার কোনো ফেইসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে এমন সন্দেহ হওয়া মাত্র, ওই ব্যবহারকারীকে বিষয়টি সম্পর্কে অবহিত করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 05:08 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

এক প্রতিবেদনে ওয়েবভিত্তিক খবরের সাইট কোয়ার্টজ জানিয়েছে, অক্টোবর ১৭ তারিখে এক ব্লগ পোস্টের মাধ্যমে ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্টামোস এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন।

ফেইসবুক যদি চিহ্নিত করতে পারে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চলছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে একটি মেসেজ দেখানো হবে। মেসেজটি হচ্ছে, “আমাদের ধারণা আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এবং অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট সরকার নিয়োজিত হ্যাকারদের নজরে এসেছে। লগইন অ্যাপ্রুভাল চালু রাখলে অন্যরা সহজে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। যখনই অন্য কোনো ডিভাইস বা ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করা হবে, তখনই আমরা আপনার ফোনে একটি সিকিউরিটি কোড পাঠিয়ে দেব যাতে শুধু আপনিই লগইন করতে পারেন। আমাদের পরামর্শ, আপনি অন্যান্য সেবার অ্যাকাউন্টও নিরাপদে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

তবে ফেইসবুক কীভাবে সাধারণ হ্যাকিং থেকে সরকারের হ্যাকিংয়ের বিষয়টি আলাদা করবে, তা প্রতিষ্ঠানটি প্রকাশ করবে না বলেই জানিয়েছে কোয়ার্টজ।

তবে অতীতে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট সরকার হ্যাক করেছিল কিনা সে বিষয়ে ফেইসবুক কিছু জানায়নি। তবে প্রতিষ্ঠানটির ২০১৪ সালের দ্বিতীয় স্বচ্ছ্বতা প্রতিবেদন অনুসারে, মার্কিন সরকার সামাজিক মাধ্যমটির ২১ হাজার ৭৩১টি অ্যাকাউন্টের ডেটায় প্রবেশাধিকারের জন্য আবেদন করেছিল।