২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও স্ট্রিমিং সার্ভিস আনছে ডিজনি

যুক্তরাজ্যে নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস চালু করতে যাচ্ছে বহুজাতিক বিনোদন প্রতিষ্ঠান ডিজনি। ডিজনি লাইফ নামে পরিচিত ফিচারটি চালু হলে দর্শক একটি অ্যাপ ব্যবহার করে প্রতিষ্ঠানটির চলচ্চিত্র, বই, গান এবং টেলিভিশন প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। তবে প্রথমদিকে ফিচারটিতে মিডিয়া ফ্র্যাঞ্চাইজ স্টার ওয়ার্স এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বানানো চলচ্চিত্রগুলো থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

বিবিসি জানিয়েছে, ডিজনির এই ফিচারটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিওর মতো ভিডিও স্ট্রিমিং সার্ভিসগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে।

এ সম্পর্কে প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডিয়া রিসার্চ-এর প্রতিষ্ঠাতা মার্ক মুলিগান জানান, “এইচবিও এবং ডিজনির মতো কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলো বুঝতে পেরেছে যে, তাদের পুরনো ব্যবসা কৌশল এখন আর কাজে আসবেনা।”

তাই ইতোপূর্বে টেলিভিশন কোম্পানিগুলোর উপর নির্ভরশীল হলেও বর্তমানে গ্রাহকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে নিজস্ব ভিডিও অ্যাপ তৈরির উপর উপর জোর দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যা “ওভার দ্য টপ” সার্ভিস নামে পরিচিত।

এর ফলে শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই গ্রাহক সরাসরি নিজের ডিভাইসে কনটেন্ট উপভোগ করতে পারবেন।

এ ছাড়া টেলিভিশন কোম্পানিগুলোর কাছে বাচ্ছাদের চ্যানলগুলো কম গুরুত্বপূর্ণ হলেও ডিজনির নতুন ফিচারটিতে এ অবস্থার উন্নতি হবে।

যুক্তরাজ্যে ডিজনি ভক্তের সংখ্যা বেশি হওয়ায় সেখানেই এই ফিচারটি উন্মোচন করা হচ্ছে বলে ডিজনির পক্ষ থেকে জানানো হয়।

এই ফিচারটির মাধ্যমে মাসিক ৯.৯৯ ব্রিটিশ পাউন্ড খরচ করে গ্রাহক ডিজনির বানানো চলচ্চিত্র, বই এবং গান উপভোগ করতে পারবেন।

এই সার্ভিস চার্জ প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স এবং অ্যামাজনের চেয়ে বেশি হলেও তা ডিজনি কেবল এবং স্যাটেলাইট চ্যানেলের তুলনায় কম বলে জানিয়েছে বিবিসি।

এছাড়া ভবিষ্যতে শুধু একটি সার্ভিসের আওতায় সব প্রতিষ্ঠানের কনটেন্ট পাওয়া যেতে পারে বলে সাইটটিটে জানানো হয়।