বছরদীর্ঘ ছুটিতে উইন্ডোজ কর্মকর্তা
প্রতিষ্ঠানের পূর্ণ সম্মতিতে এক বছরের ছুটিতে যাচ্ছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট জো বেলফিওরে। বিষয়টি সম্পর্কে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও নিশ্চিত করেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, নিজ ফেইসবুক পেইজের মাধ্যমে বছরখানেকের এই ছুটির কথা জানিয়েছেন বেলফিওরে।
ছুটি প্রসঙ্গে ব্যক্তিগত ফেইসবুক পেইজে বেলফিওরে জানিয়েছেন, মাইক্রোসফটের দৈনিক দায়িত্ব পালন থেকে কিছুদিনের জন্য দূরে থাকবেন তিনি। তবে আগামী গ্রীষ্ম নাগাদ আবার কাজে ফিরবেন।
মূলত নতুন এক অভিযানের জন্যই কর্মক্ষেত্র থেকে বছরখানেকের ছুটি নিচ্ছেন বেলফিওরে। স্ত্রী এবং সন্তানদের সঙ্গে সমুদ্র পথে বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেছেন তিনি।
এ প্রসঙ্গে বেলফিওরে বলেছেন, “যখন আপনার অল্পবয়সী সন্তান থাকবে, তখন আপনি দেখবেন সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তাই বিগত কয়েক বছর ধরে সমুদ্রভ্রমণের আইডিয়াটি নিয়ে ভাবছিলাম....দেখলাম আমাদের সন্তানেরাও খ্যাপাটে কিছু একটা করার জন্য যথেষ্টই বড় হয়ে গিয়েছে... সিদ্ধান্ত নিলাম পরিবারটিকে নিয়ে এমন একটি ভ্রমণে বের হবো যা হবে ‘এডুকেশনাল ট্রিপ ফর লাইফটাইম’।”
বেলফিওরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রশাসন থেকে জানানো হয়েছে, তারাও বিষয়টিকে সমর্থন করছেন। অন্যদিকে বেলফিওরেও জানিয়েছেন, ভ্রমণ শেষ হওয়া মাত্র তিনি কর্মক্ষেত্রে ফিরে যাবেন। উল্লেখ্য, বেলফিওরে ২৫ বছর যাবত মাইক্রোসফটে কাজ করছেন।
