ওয়েস্টার্ন ডিজিটালের মালিকানায় স্যানডিস্ক
১ হাজার ৯০০ কোটি ডলারে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের জন্য ফ্ল্যাশ মেমোরি নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ক কর্পোরেশনকে কিনে নিচ্ছে হার্ড-ডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল কর্পোরেশন।
সংবাদসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, চীনা সরকার সমর্থিত প্রতিষ্ঠান শিংহুয়া হোল্ডিংস কোম্পানি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিস্প্লেন্ডর কর্পোরেশন লিমিটেডের এক বিনিয়োগের উপর নির্ভর করেই স্যানডিস্ক প্রতিষ্ঠানটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল।
সেপ্টেম্বরে ইউনিস্প্লেন্ডর জানিয়েছিল, তারা ৩৭৮ কোটি ডলারের বিনিময়ে ওয়েস্টার্ন ডিজিটালের ১৫ শতাংশ কিনবে। তবে চুক্তিটি নিয়ন্ত্রকদের তদন্তের সম্মুখীন হতে পারে এবং এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত— জানিয়েছে সিএনএন।
স্যানডিস্ক কর্পোরেশন কেনা প্রসঙ্গে ওয়েস্টার্ন ডিজিটালের প্রধান নির্বাহী স্টিভ মিলিগান জানিয়েছেন, স্যানডিস্ক কেনায় যে অর্থ ব্যবহৃত হবে তা আদতে ইউনিস্প্লেন্ডরের বিনেয়োগের তরলায়ন ঘটাবে এবং তার বিশ্বাস বিষয়টিতে নিয়ন্ত্রকদের সম্মতি পাওয়া যাবে।
ওয়েস্টার্ন ডিজিটাল-স্যানডিস্ক এর এই লেনদেন সেমিকন্ডাকটর বাজারে সর্বশেষ হাতবদলের ঘটনা। এর এক সপ্তাহ আগেই সেমিকন্ডাকটর পণ্য নির্মাতা ল্যাম রিসার্চ প্রতিদ্বন্দী কেএলএ টেনকর-কে কিনে নেয়।
বিশ্বব্যপী ডেটা সংরক্ষণে প্রচলিত হার্ড ডিস্কের বাজার ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং সে স্থানটি দখন করছে সলিড স্টেট ড্রাইভ, যার মূলে রয়েছে সেমিকন্ডাকটরভিক্তিক মেমরি চিপ নির্মাণ প্রযুক্তি।
বাজারে নিজ অবস্থান আরও দৃঢ় করতে ওয়েস্টার্ন ডিজিটালের স্যানডিস্কের ‘ন্যান্ড’ প্রযুক্তি হাতের নাগালে প্রয়োজন আর তাই স্যানডিস্ককে কিনে নিচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল—জানিয়েছে রয়টার্স।
সিএনএন জানিয়েছে, জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা কর্পোরেশনের সঙ্গে স্যানডিস্কের মেধাস্বত্বভিত্তিক অংশীদারিত্ব রয়েছে। স্যানডিস্কের মালিকানা পরিবর্তন হলেও বিষয়টি নিয়ে কোনো সমস্যা হবে না বলেই নিশ্চিত করেছে তোশিবা ও ওয়েস্টার্ন ডিজিটাল।
