২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেসলার অটোপাইলট বিড়ম্বনা

মার্কিন অটোমোবোইল নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ইলেক্ট্রিক গাড়ি মডেল এস এ সফটওয়্যার আপডেটে নতুন অটোপাইলট মোড যোগ করেছে। অটোপাইলট মোডের মাধ্যমে গাড়িটি নিজে নিজেই চলবে এবং লেন পরিবর্তন করতে পারবে বলে টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু শুরুতেই এই অটোপাইলট ফিচার নিয়ে বিড়ম্বনায় পরেছে গাড়ির মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 09:06 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

টেসলার নতুন এই ফিচারটি আদতে বেটা সংস্করণে আছে। গাড়ির রেডার এবং ক্যামেরা সেন্সরে ব্যবহার করে এটি সামনে থাকা গাড়ির দূরত্ব, গতি এবং ব্রেক পর্যবেক্ষণ করবে। এছাড়াও রাস্তার সাদা লেন লাইন দেখে বাঁক নেবে। এর আগে মার্সেডিজ, আউডি, ভলভোর মত প্রতিষ্ঠানগুলোর তৈরি গাড়িগুলোতে এই ধরনের অটোপাইলট মোড ব্যবহার করা হলেও এগুলো টেসলার মত লেন পরিবর্তন করতে পারেনা বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

নতুন এই অটোপাইলট মোড ব্যবহার করতে গিয়ে এরই মধ্যে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেক চালককে। এক গাড়ির মালিক জানিয়েছেন রাস্তার ২ পাশে সাদা লেন লাইন আঁকা না থাকায় তার গাড়ি খাদে পড়তে যাচ্ছিল। এছাড়াও আর একটি গাড়ি সতর্কতা সংকেত  দেওয়া সত্ত্বেও পাশের লেনে ঢুকে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা দিতে যায়। অতিরিক্ত গতির কারণে পুলিশের কাছে আটক হয় একাধিক মডেল এস।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক সংবাদ বিবৃতিতে জানিয়েছেন, নতুন সফটওয়্যারের কারণে প্রথম দিকে তারা বেশকিছু দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই তিনি চালকদের সব সময় স্টিয়ারিং হুইলের উপর হাত রাখার পরামর্শ দিয়েছেন। তবে এই সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান করা সম্ভব হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় ।