২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্রফেরত ঘড়ি নিলামে!

নিলামে উঠছে অ্যাপোলো ১৫ অভিযানের ফ্লাইট কমান্ডার ডেভ স্কটের ব্যবহৃত ‘বুলোভা ক্রোনোগ্রাফ’ ঘড়ি। চলতি বছরের অক্টোবরের ২২ তারিখ ওই নিলাম অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 08:15 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ডেভ স্কটের এই বুলোভাটি চাঁদে অভিযানে ব্যবহার করা একমাত্র ব্যক্তিগত ঘড়ি। চাঁদে অভিযান চালানোর সময়ে নভোচারীদের নাসা’র দেওয়া ওমেগা স্পিডমাস্টার ঘড়িগুলো সরকারি সম্পত্তি বলে বিবেচিত হয় এবং তা বিক্রির সুযোগ থাকে না।

অভিযানের সময় ওমেগা ঘড়িটি নষ্ট হয়ে গেলে যাতে বিকল্প ঘড়ি থাকে তার জন্যেই এই বুলোভা ঘড়িটি নিয়ে গিয়েছিলেন স্কট।

নিলাম পরিচালক প্রতিষ্ঠান আরআর অকশন-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ববি লিভিংস্টোন বলেন, “আমাদের মধ্যে যাদের কাছে বাড়তি অর্থ রয়েছে তাদের জন্য ঐতিহাসিক একটি বস্তু কেনার সুযোগ হবে এটি।”

এর আগে ২০১৪ সালে বস্টনে অনুষ্ঠিত নিলামে চাঁদে অভিযানের সময় স্কটের ব্যবহার করা জয়স্টিক ৬ লাখ ১০ হাজার ডলারে বিক্রি করা হয়।

ভেলক্রো স্ট্র্যাপযুক্ত এবং বিশেষ সাইন প্রদর্শনে সক্ষম ঘড়িটি এর চেয়েও বেশি দামে বিক্রি করা যাবে বলে মনে করেন লিভিংস্টোন। ঘড়িটির নিলাম শুরু হবে ৫০ হাজার ডলার থেকে।

চাঁদে অভিযানে ব্যবহার করা বস্তুসমূহ নিলামে সবসময়ই ভাল দামে বিক্রি হয়ে আসছে যাকে লিভিংস্টোন 'হোলি গ্রেইল'-এর সঙ্গে তুলনা করেছেন।

এমনকি ২০০৯ সালে অ্যাপোলো ১১ অভিযানে চাঁদের পৃষ্ঠ থেকে তারার অবস্থান নির্ণয়ের জন্য বানানো লুনার সারফেইস স্টার চার্টটি ২ লাখ ১৮ হাজার ডলারে বিক্রি করা হয়। একই অভিযানে বাজ অলড্রিনের ব্যবহার করা দস্তানা ২০১৪ সালে ৬০ হাজার ডলারে বিক্রি করা হয়।

২২ অক্টোবরের লাইভ অনুষ্ঠানকে সামনে রেখে নিলামে অনলাইন বিড ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন।