গুগল-নিউ ইয়র্ক টাইমসের ভিআর জোট
ভার্চুয়াল রিয়ালিটি প্রকল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার গুগলের সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। গুগলের সঙ্গে যুক্ত হয়ে আরও বেশি ভার্চুয়াল রিয়ালিটিনির্ভর প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছে সংবাদমাধ্যমটি।
চলতি বছরের নভেম্বরের শুরুতে টাইমসের হোম ডেলিভারি গ্রাহকদের একটি কোড দেওয়া হবে, যার মাধ্যমে তারা বিনামূল্যে গুগলের একটি কার্ডবোর্ড ভিউয়ার সংগ্রহ করতে পারবেন।
এটি দিয়ে ‘দ্য ডিসপ্লেসড’ নামের একটি ভার্চুয়াল রিয়ালিটি মুভি দেখতে পারবেন তারা।
নিউ ইয়র্ক টাইমসের এই নতুন চেষ্টার মাধ্যমে ভিআর সিনেমার পূর্ণ সিরিজের জন্য তাদের গ্রাহক সংখ্যা বাড়বে বলে আশা করছে নিউ ইয়র্ক টাইমস।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের কাহিনী নিয়ে বানানো হয়েছে মুভিটি। গুগলের কার্ডবোর্ড এর ‘সেমি-ইমার্সিভ’ ভিজুয়াল দিয়ে মুভিটি আরও ‘জীবন্ত’ রূপে দেখা সম্ভব।
কয়েক মাস আগে টাইমস ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কাজ শুরু করে। নতুন এই পদক্ষেপের কারণে শুরুতেই ১০ লাখেরও বেশি গুগল কার্ডবোর্ড ব্যবহারকারীকে পাচ্ছেন তারা।
চলতি বছর ৫ নভেম্বর একটি ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ বের করারও পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
