২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের নতুন নিউজ অ্যাপ

এবার নতুন নিউজ অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল যা ব্যবহার করে বিভিন্ন সংস্থার সংবাদ নিজের ডিভাইসে পাবেন অ্যাপল ডিভাইস মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

স্কাই নিউজ জানিয়েছে, এর আগে ২০১১ সালে পশ্চিমা দেশগুলোতে প্রচলিত ‘নিউজস্ট্যান্ড’ নামে একটি অ্যাপ তৈরি করেছিল অ্যাপল। অ্যাপটির ইউজার ইন্টারফেইস ডিজাইনে কাঠের শেলফের ডিজাইন রেখে বাস্তবের নিউজস্ট্যান্ডের আমেজ রাখা হয়েছিল ‘নিউজস্ট্যান্ড অ্যাপ’-এ। তবে তেমন একটা সাড়া পায়নি ওই অ্যাপটি।

এবার অ্যাপল আনছে ‘অ্যাপল নিউজ’। অ্যাপটি ব্যবহার করে পাঠক বিভিন্ন মাধ্যম থেকে নিজের পছন্দের বিষয় এবং সংস্থার সংবাদ বাছাই করে নিতে পারবেন।

বিশ শতকে সংবাদপত্র বিতরণের জন্য রাস্তা-ঘাটে সংবাদপত্র বিপণন কেন্দ্রগুলো প্রধান ভরসা হলেও একুশ শতকে এসে ইন্টারনেটভিত্তিক সেবাগুলোই সিংহভাগ খবরের যোগানদাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছে স্কাই নিউজ।

এক্ষেত্রে বিশ্বের যে কোনো প্রকাশনার সংবাদ পড়তে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ওয়েব ব্রাউজারের ব্যবহারও বেড়েছে।

বর্তমানে ফেইসবুক, টুইটার এবং গুগলের মতো প্রতিষ্ঠানগুলো অনলাইনেই বিভিন্ন সংবাদ প্রতিবেদন প্রকাশের জন্য একাধিক ফিচার চালু করেছে।

ডিজাইনের দিকে থেকে পার্থক্য বাদ দিলে বিভিন্ন সাইটের প্রতিবেদনে অনেক মিল পাওয়া যায়। পাঠকের পছন্দ অনুযায়ী সংবাদ বাছাইয়ের সুবিধা থাকলেও মূলত নিজেদের ব্যবসার স্বার্থেই এই ধরনের ফিচার এনেছে প্রতিষ্ঠানগুলো-এমনটাই জানিয়েছে স্কাই নিউজ।

এভাবে ডিজিটাল নিউজ অ্যাপ বা ফিচার ব্যবহার করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একদিকে যেমন গ্রাহকদের নিজেদের প্ল্যাটফর্মে ধরে রেখেছে অন্যদিকে আবার বিজ্ঞাপন বিক্রি করে ভাল মুনাফাও অর্জন করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ জার্নালিজম-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডিজিটাল নিউজ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্মার্টফোনের ব্যবহার প্রথাগত ব্যবসায় কৌশলে আমূল পরিবর্তন নিয়ে আসবে।

ডিজিটাল নিউজ প্রকাশকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছে স্কাই নিউজ। ২০১৬ সাল নাগাদ বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষের কাছেই স্মার্টফোন থাকবে যা আরো বেশি সংখ্যক মানুষের কাছে যেতে প্রকাশকদের সাহায্য করবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।