২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি ছাড়িয়ে অ্যাপল মিউজিক 

১ কোটি ছাড়িয়েছে টেক জায়ান্ট অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘অ্যাপল মিউজিক’-এর গ্রাহক সংখ্যা। এর ‘পেইড ইউজার’-এর সংখ্যা এখন ৬৫ লাখ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। আর মিউজিক সার্ভিসটির ফ্রি ট্রায়াল ভার্সনের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৮৫ লাখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

যুক্তরাষ্ট্রের লাগুনা বিচে ওয়াল স্ট্রিট জার্নালের আয়োজিত একটি প্রযুক্তিবিষয়ক সম্মেলনে এই কথা জানিয়েছেন বর্তমান অ্যাপল প্রধান কুক।

রয়টার্স জানিয়েছে, উন্মোচনের পর গ্রাহকদের জন্য তিন মাসের ফ্রি ট্রায়াল অফার করে অ্যাপল।মিউজিক সার্ভিসটির ফ্রি ট্রায়াল ভার্সনে বর্তমান গ্রাহকের সংখ্যা প্রায় ৮৫ লাখ। তাই সবমিলিয়ে মুক্তির অল্প কিছুদিনের মধ্যেই দেড় কোটি গ্রাহক পেয়েছে অ্যাপল মিউজিক।    

স্পটিফাই-এর মতো ডিজিটাল মিউজিক সার্ভিসগুলোকে টেক্কা দিতে চলতি বছরের জুনে  আইটিউনস স্টোরে মিউজিক সার্ভিসটি উন্মোচন করে অ্যাপল।  

বর্তমানে গাঁটের পয়সা খরচ করে স্পটিফাই ব্যবহার করছেন এমন গ্রাহকের সংখ্যা প্রায় ২ কোটি। তবে ‘অ্যাপল মিউজিক’ স্পটিফাইসহ অন্যান্য মিউজিক সার্ভিসকে পেছনে ফেলে দিতে পারে বলে মত প্রকাশ করছেন এ খাতের কয়েকজন বিশেষজ্ঞ।

অন্যদিকে ওয়ার্ল স্ট্রিট জার্নালের প্রধান সম্পাদক জেরার্ড বেকারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতার এক পর্যায়ে অ্যাপ এবং সার্চ ফিচার সংবলিত অ্যাপল টিভি সেট-টপ বক্সের নতুন সংস্করণ চলতি অক্টোবর মাসের শেষের দিকে উন্মোচন করা হবে বলে জানান কুক। তবে এই টিভি বক্সে স্ট্রিমিং সার্ভিস থাকবে না।     

অ্যাপল টিভির বর্তমান মডেল নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও ভবিষ্যতে এই পণ্যটি গ্রাহক মনো্যোগ আকর্ষণে সক্ষম হবে বলে তিনি মনে করেন।

সাম্প্রতিক সময়ে অ্যাপল বৈদ্যুতিক গাড়ি বানানোর পরিকল্পনা করছে এমন গুজব ডালপালা ছড়ালেও তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি কুক। তবে ভবিষ্যতে  স্বয়ংক্রিয় যান তৈরিরে সফটওয়্যারের ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন অ্যাপল প্রধান।