২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়াওমির মি টিভি ৩ ও নাইনবট মিনি

‘নাইনবট মিনি’ নামের বৈদ্যুতিক স্কুটার ও ‘মি টিভি ৩’ বাজারে এনেছে চীনের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি। চলতি বছরের এপ্রিলে বৈদ্যুতিক যান নির্মাতা প্রতিষ্ঠান সেগওয়ের মালিকানা কেনার পর এই প্রথম কোনো পণ্য বাজারজাত করলো নাইনবট। আর নাইনবট-এর অন্যতম প্রধান শেয়ারহোল্ডার হলো শিয়াওমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, বৈদ্যুতিক স্কুটারটি একবার চার্জের পর ঘন্টায় সর্বোচ্চ ১৬ কিলোমিটার বেগে মোট ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। ১২.৮ কেজি ওজনের এই যানটি ৮৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।

প্রথাগত সেগওয়ে স্কুটার থেকে আলাদা নাইনবট ৩। এতে হ্যান্ডেলের বদলে হাঁটুর উচ্চতায় স্টিয়ারিং স্টিক আছে। ‘মাত্র কয়েক মিনিট’ এর মধ্যেই ব্যবহারকারী এই যানটির নিয়ন্ত্রণ শিখতে পারবেন বলে দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান নাইনবট।   

নাইনবট মিনি নিরাপদে ব্যবহারের জন্য যানটির সঙ্গে একটি স্মার্টফোন অ্যাপও উন্মুক্ত করা হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে যানটি চালনার সময় প্রয়োজনীয় অ্যালার্ম পাওয়া যাবে।

এই ইলেকট্রিক স্কুটারগুলোর দাম ধরা হয়েছে ৩১৫ ডলার। সেগওয়ে নির্মিত স্কুটারগুলোর দাম সাধারণত ৬ হাজার ডলার থেকে শুরু হয়। এমনকি হ্যান্ডেলযুক্ত আগের মডেলের সেগওয়ে যানটিও বর্তমানে ২ হাজার ৯৯৩ ডলারে বিক্রি করা হচ্ছে।

এছাড়া নতুন মি টিভি ৩ বাজারে আনতে যাচ্ছে শিয়াওমি। ৪কে ভিডিও দেখাতে সক্ষম এই ৬০ ইঞ্চি টিভিতে থাকছে ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজ। ৭৯০ ডলার দামের টিভিটিতে স্ক্রিন এবং মি টিভি বার নামের দুটি আলাদা অংশ আছে। তাই ক্রেতা চাইলে পুরানো টিভি স্ক্রিনের সঙ্গে ১৫৮ ডলার দামের মি টিভি বার কিনে জুড়ে নিয়ে ‘আপগ্রেড’ করে নিতে পারবেন।

এই পণ্য দুটির বাজারজাত চলতি বছরের নভেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে বলে জানিয়েছে ম্যাশএবল।