ম্যাকবুক স্ক্রিন বদলে দিতে পারে অ্যাপল
ম্যাকবুক এবং ম্যাকবুক প্রোর রেটিনা স্ক্রিনে দাগ পড়ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ত্রুটিপূর্ণ স্ক্রিন বদলে দিতে পারে ম্যাকবুকগুলোর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরের ১৬ অক্টোবর থেকে অনেকটা চুপিসারে শুরু হওয়া ওই কার্যক্রমের আওতায় কেনার তারিখ থেকে পরবর্তী ৩ বছর পর্যন্ত ত্রুটিপূর্ণ স্ক্রিন বদলে দেবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, কেনার সাত মাসের মধ্যেই ম্যাকবুক স্ক্রিনের কোণা থেকে মাঝ বরাবর ছোট-বড় দাগ দেখতে পান অনেক গ্রাহক।
এ ঘটনার পর একদল গ্রাহক স্টেইনগেট ডটঅর্গ নামের একটি ওয়েবসাইটে তাদের ভোগান্তির কথা জানান। একই সঙ্গে ‘ম্যাকবুক রেটিনা স্টেইন অন ডিসপ্লে’ নামের একটি ফেইসবুক গ্রুপের মাধ্যমে নিজেদের বাজে অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেক ব্যবহারকারী।
ম্যাকবুকের রেটিনা স্ক্রিনের অ্যান্টি রিফলেক্টিং কোটিং(এআর কোটিং)-এ ত্রুটির ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। মূলত ডিভাইস স্ক্রিনে প্রতিফলনজনিত সমস্যা নিরসনে এআর কোটিং ব্যবহার করা হয়।
অ্যাপলবিষয়ক সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, ইতোমধ্যে ত্রুটিপূর্ণ স্ক্রিন সারাতে ফেইসবুক গ্রুপটির কিছু গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেছে অ্যাপল। গ্রাহকের ডিভাইসের রেটিনা স্ক্রিন বদলে দেওয়া হবে কিনা তা জানতে স্থানীয় অ্যাপল স্টোর অথবা অ্যাপল স্বীকৃত সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে সাইটটি।
