শেয়ার বাজারে ফেরারি
একটি ফেরারি গাড়ি কিনতে গেলে কমপক্ষে ২ লাখ মার্কিন ডলার খরচ করতে হবে। কিন্তু এবার সুযোগ এসেছে মাত্র ৫২ ডলারে ফেরারির শেয়ার কেনার! না, অবাক হওয়ার কিছু নেই, শেয়ার বাজারে যাত্রা শুরু করেছে ইতালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়কসাইট ম্যাশএবল জানিয়েছে, মোট ১ কোটি ৭০ লাখ শেয়ার ছাড়বে ফেরারি। আর ২১ অক্টোবর থেকে ছাড়া প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২ ডলার। ১০ শতাংশের কম শেয়ার বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। ফেরারির ৮০ ভাগ শেয়ারের মালিকানা থাকবে মূল প্রতিষ্ঠান ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলসের (এফসিএ) আর ১০ শতাংশ থাকবে ফেরারি প্রতিষ্ঠাতা এনজো ফেরারির ছেলে পিয়েরো ফেরারির নিয়ন্ত্রণে।
বাজারে শেয়ার ছাড়ার পর এফসিএ শেয়ারহোল্ডারদের মধ্যে এর ৮০ শতাংশ শেয়ার বিতরণ করে দেবে। জিপ, মাজেরাটি আর আলফা রোমিওর বিক্রি বাড়াতে ৫ হাজার ৪৫০ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়নেই এমন পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি।
শুরুতে প্রতিটি শেয়ারের দাম ৫৩ ডলার করে রাখার কথা ভাবা হলেও, পরবর্তীতে ৫২ ডলারেই স্থির করা হয় তা।
বর্তমানে প্রতি বছর ৭ হাজার গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফেরারি। ২০১৯ সাল নাগাদ এই লক্ষ্যমাত্রা ৯ হাজারে উন্নীত করা হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
