নতুন আইফোন আনলক ‘অসম্ভব’
আইওএস ৯ অপারেটিং সিস্টেমচালিত লকড আইফোনের ডেটা অ্যাকসেস করা ‘অসম্ভব’—সম্প্রতি এক মার্কিন বিচারকের কাছে এমন দাবি করেছে টেক জায়ান্ট অ্যাপল। তবে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রয়োজনে পুরানো আইফোনগুলো আনলক করার ক্ষমতা নিজেদের হাতে থাকার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তদন্ত চলাকালীন সময়ে জব্দ করা আইফোন থেকে ডেটা অ্যাকসেস করার জন্য অ্যাপলকে বাধ্য করতে মার্কিন আদালতে অনুরোধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেই শুনানিতেই ফেডারেল ম্যাজিস্ট্রেট জাজকে ওই ব্যাখ্যা দিয়েছে অ্যাপল।
আদালতের নথি অনুযায়ী, নিজস্ব ডিভাইসগুলোর মধ্যে ৯০ শতাংশে আইওএস ৮ ও এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছে অ্যাপল। আর আইওএসের এই সংস্করণগুলোতে ডেটা এনক্রিপশন আরও জোরদার করার পর বিচার বিভাগের অনুরোধ রাখা ‘অসম্ভব’ বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
“ওই ডিভাইসগুলোতে এমন ফিচার রয়েছে যেন পাসকোড ছাড়া আর কেউ ডেটা অ্যাকসেস করতে না পারে, এর মধ্যে অ্যাপলও আছে।”—বলা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিসহ সাধারণ ব্যবহারকারীদের উপর এনএসএ-এর অবৈধ গুপ্তচরবৃত্তির গোপন নথি ফাঁস হওয়ার পর ডেটা এনক্রিপশন ফিচার যোগ করেছিল অ্যাপল।
আইওএসের পুরানো সংস্করণ ব্যবহার করা হচ্ছে এমন ১০ শতাংশ ডিভাইসের ডেটা অ্যাকসেস করা অ্যাপলের পক্ষে সম্ভব বলে মার্কিন ম্যাজিস্ট্রেট জাজ জেমস ওরেনস্টেইনকে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মামলার মূলে যে ডিভাইসটি রয়েছে সেটিতে আইওএস ৮-এর থেকেও পুরানো অপারেটিং ব্যবহার করা হলেও আদালতে এর ডেটা অ্যাকসেস করতে অ্যাপলকে বাধ্য করা জন্য বিচার বিভাগের অনুরোধ না রাখার আহ্বান জানিয়েছে অ্যাপল।
“পরিষ্কার আইনি কর্তৃত্ব ছাড়া অ্যাপলকে ডেটা অ্যাকসেস করতে বাধ্য করা হলে এতে অ্যাপল এবং ক্রেতাদের মধ্যের বিশ্বাস প্রশ্নবিদ্ধ হবে।”—দাবি করেছেন অ্যাপলের আইনজীবী।
