২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের স্মার্ট ওপেনার ও মোবাইল অ্যাপ

গ্রাহকদের দ্রুত অ্যাকাউন্ট খোলার সেবা দিতে ব্র্যাক ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে ‘স্মার্ট ওপেনার’ চালু করেছে। এছাড়াও ‘মোবাইল অ্যাপ’ সেবা চালু করেছে ব্যাংকটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ‘স্মার্ট ওপেনার’ এর মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলতে এবং ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ সারতে পারবেন।

‘মোবাইল অ্যাপস’ এর মাধ্যমে যেকোন সময়ে যেকোন স্থানে ব্যাংকিং সেবা পাবেন গ্রাহক। আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্য নিয়ে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের’ এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ ২০ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা দুটির উদ্বোধন করেন। জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদের অ্যাকাউন্ট খোলা হয় ‘স্মার্ট ওপেনার’-এর মাধ্যমে ।

স্মার্ট ওপেনার-এর আওতায় গ্রাহককে ব্যাংকে যেতে হবে না, বরং ব্যাংকের কর্মকর্তারাই গ্রাহকের বাড়িতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলে দেবেন। ব্যাংক কর্মকর্তারা তাঁদের সঙ্গে একটি ট্যাবলেট আনবেন ও তা দিয়ে গ্রাহকের ছবি তুলবেন। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্র সংগ্রহ করবেন। আগ্রহী গ্রাহককে ব্র্যাক ব্যাংকের কলসেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করে বা ইংরেজিতে ‘so’ লিখে একই নম্বরে এসএমএস পাঠিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎ চাইতে হবে। অথবা ই-মেইল করেও গ্রাহকেরা অ্যাপয়েন্টেমেন্ট চাইতে পারবেন। ই-মেইল ঠিকানা হলো: smart.opener@bracbank.com ।

প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটান এলাকায় সেবাটি পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য এলাকায় সেবাটি সম্প্রসারণ করা হবে।

ব্র্যাক ব্যাংকের মোবাইল অ্যাপসের মাধ্যমে এই ব্যাংকের গ্রাহকেরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এর আওতায় তারা যেসব সেবা নিতে পারবেন সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট বা হিসাব খোলা, পরিবর্তন বা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, এটিএম ও ব্র্যাঞ্চ লোকেশন, মিনি স্টেটমেন্ট, বিস্তরিত স্টেটমেন্ট, ট্র্যানজেকশন হিস্ট্রি বা লেনদেনের সার্বিক বিবরণী, ঋণ সংক্রান্ত তথ্য, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, অ্যাকাউন্ট ব্যালেন্স, বকেয়া দেনার হিসাব এবং পরিশোধের সীমা ও তারিখ ইত্যাদি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর মাধ্যমে এটির নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওয়ান টাইম পাসওয়ার্ড এর মাধ্যমে অ্যাপসটি ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোর থেকে ব্র্যাক ব্যাংকের নতুন এই মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে।