২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে ধরতে পারেন ভুয়া রিভিউ

অনলাইনে ভুয়া রিভিউ দেওয়ার জন্য এক হাজারেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন। প্রশ্ন হচ্ছে কীভাবে বুঝবেন, অনলাইনে দেওয়া রিভিউটি সত্যি নাকি মিথ্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

সম্প্রতি এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ ভুয়া রিভিউ ধরার বেশ কিছু কৌশল বাতলেছে। এক নজরে দেখে নেয়া যাক এবিসি প্রকাশিত সে কৌশলগুলো-

১. নিজেকে বিশ্বাস করবেন না

কর্নেল ইউনিভার্সিটির একদল গবেষক আনাড়ি লেখা ও ভাষার ব্যবহার বিশ্লেষণ করে ভুয়া হোটেল রিভিউ চিহ্নিত করবে এমন একটি কম্পিউটার অ্যালগোরিদম তৈরি করেছিলেন। শতকরা ৯০ ভাগ সময়ে সঠিক তথ্য দিতে পেরেছিল অ্যালগোরিদমটি। কিন্তু অসংখ্য মানুষ রিভিউগুলো ধরতে ব্যর্থ হয়েছিলেন। আর তাই এবিসি নিউজের প্রথম পরামর্শ হচ্ছে ‘নিজেকে বিশ্বাস করবেন না’, আপনিও ভুল করতে পারেন।

২. ভাষার দিকে লক্ষ্য রাখবেন

রিভিউ পড়ার সময় খেয়াল করতে হবে, সেটি মাত্রাতরিক্ত নেতিবাচক ভঙ্গিমায় লেখা হয়েছে নাকি অত্যন্ত প্রশংসা করে লেখা হয়েছে। যেভাবেই লেখা হোক না কেন, বিষয়টি সম্পর্কে ভেবে দেখার পরামর্শ দিয়েছে এবিসি নিউজ। কারণ এরকম রিভিউগুলো অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া হয়ে থাকে।

৩. লেখাটি কী ম্যানুয়ালের মতো?

অনেক অনলাইন রিভিউতেই দেখতে পাবেন, সম্পূর্ন লেখাটি জুড়েই রয়েছে পণ্যের ধারাবিবরণী। যদি লেখাটি ওই ধরনের হয়, তবে সেটির ভুয়া রিভিউ হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং এ ধরনের রিভিউ বিশ্বাস না করাটাই ভালো এমন পরামর্শই দিয়েছে এবিসি নিউজ।

৪. রিভিউদাতার সম্পর্কে জানার চেষ্টা করুন

কোনো রিভিউ সম্পর্কে সন্দেহ হলে, ওই রিভিউ যিনি লিখেছেন তার সম্পর্কে জানার চেষ্টা করুন। এটি হচ্ছে এবিসি নিউজ প্রদত্ত অন্যতম একটি পরামর্শ। ইন্টারনেটের এই যুগে একটু কৌশল অবলম্বন করলে খুব সহজেই রিভিউ লেখককে খুঁজে বের করা সম্ভব।

৫. ‘বিস্তারিত’-এর ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখুন

রিভিউদাতার কাছে কোন পণ্য কেন ভালো বা খারাপ লেগেছে সে বিষয়ে রিভিউয়ে বিস্তারিত কিছু বলা আছে কিনা সে বিষয়ে লক্ষ্য করুন। রিভিউয়ে যৌক্তিক ব্যাখ্যা না পেলে, সেটি ভুয়া রিভিউ হবার সম্ভাবনা রয়েছে। আর যদি রিভিউদাতা যৌক্তিক ব্যাখ্যা দেন তাহলেও পুরো আশ্বস্ত না হয়ে, নিজ থেকে বিষয়টি সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করুন। ভুয়া হলে সহজেই ধরে ফেলতে পারবেন।