তথ্য পাচার মামলায় ফেইসবুক
ব্যবহারকারীদের তথ্য পাঠানোর অভিযোগে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছেন ম্যাক্স শ্রিমস নামে ব্যক্তিগত গোপনীয়তার এক সমর্থক। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের উচ্চ আদালতে করা ওই মামলায় ফেইসবুক ইউরোপীয় নাগরিকদের ব্যাক্তিগত তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করছে বলে অভিযোগ করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফেইসবুক কী কী তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পাঠাচ্ছে, তা যাচাই করতে আদালত যাতে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশনারকে আদেশ দেন, এ উদ্দেশ্যেই মামলাটি করেছেন ওই ব্যক্তি।
এর আগে সেইফ হার্বার নামের এক চুক্তির মাধ্যমে ডেটা লেনদেনের বিষয়টি সুরক্ষিত আছে বলে জানিয়েছিল প্রাইভেসি ওয়াচডগ। কিন্তু প্রায় ১৫ দিন আগে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস (ইসিজে) এই চুক্তিকে অকার্যকর ঘোষণা দেয়।
আইরিশ নিয়ন্ত্রণকারী সংস্থার যাচাইয়ের পর যদি শ্রিমসের এই অভিযোগ প্রমাণিত হয় তবেই এই তথ্য পাঠানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসিজে। সর্বশেষ শুনানিতে উচ্চ আদালত এ বিষয়ে আইরিশ ডেটা কমিশনারকে নীতিমালা দিয়েছেন।
তবে, গোপনে যুক্তরাষ্ট্রের ইন্টিলিজেন্স সংস্থার কাছে তথ্য পাঠানোর অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখান করেছে ফেইসবুক। ২০১২ সালে আইরিশ ওয়াচডগ তাদের ডেটা-ট্রান্সফার প্রক্রিয়া পর্যালোচনা করেছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, “রায়ের জন্য সঠিক তথ্য দিতে আর ভুলগুলো ঠিক করে দিতে শুনানিতে যোগ দেওয়াটা জরুরী বলে আমরা বিশ্বাস করি।” তার প্রতি উদ্দেশ্য করে শ্রিমস বলেন, “এ ধরনের কাজ সম্পর্কে জানার মতো সিকিউরিটি ক্লিয়ারেন্স সাধারণত ফেইসবুকের মুখপাত্ররা রাখেন না।”
এ বিষয়ে কবে নাগাদ উচ্চ আদালত রায় দেবে আর কীভাবে এ বিতর্কের অবসান ঘটবে তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন আইরিশ ডেটা প্রোটেকশন কমিশনারের একজন মুখপাত্র।
