হ্যাকারদের লক্ষ্য ডাও জোনস
রাশিয়ান হ্যাকারদের একের পর এক হামলার শিকার হয়েছে মার্কিন শেয়ার বাজারের সূচক নির্ধারক প্রতিষ্ঠান ডাও জোনস অ্যান্ড কো.। ব্যবসাবিষয়ক তথ্য চুরি করতেই এই হ্যাকের চেষ্টা বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আর সিক্রেট সার্ভিস অন্তত এক বছর আগে থেকেই তদন্ত করছে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, "ব্লুমবার্গে প্রতিবেদন প্রকাশের পর, এই অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা জোরদার কাজ করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।"
২০১২ সালের অগাস্ট থেকে চলতি বছর জুলাই পর্যন্ত তাদের পেমেন্ট কার্ড ও কন্টাক্টবিষয়ক তথ্য রাখার সিস্টেমে কয়েকবার অননুমোদিত অ্যাকসেস হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গেল সপ্তাহে জানানো হয় এতে প্রায় সাড়ে ৩ হাজার ব্যাক্তি ঝুঁকিতে আছেন।
এ বিষয়ে সতর্ক থেকে যাচাই করা হচ্ছে বলে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন এফবিআই মুখপাত্র কেলি ল্যাংমেসার। তবে, ব্লুমবার্গের প্রতিবেদন নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
তদন্তের সঙ্গে যুক্ত এমন দুজনের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, হ্যাকাররা প্রতিবেদন প্রকাশের আগের তথ্যসহ অন্যান্য তথ্যের অনুসন্ধান করেছিল।
এ নিয়ে সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিসের মন্তব্য নেওয়া না যায়নি। আর এসইসি এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
