২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কয়ারে ইয়াহুর রিসেস

বেশিরভাগ সাধারণ পাঠকের কাছেই স্কয়ারের পরিচিতি টুইটার সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমান সিইও জ্যাক ডরসির ‘অপর প্রতিষ্ঠান’ হিসেবেই; যেমনটা ছিল স্টিভ জবসের নেক্সট। প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বাজারে আসার ঘোষণা দিয়েছে। আর সেই উত্তাপে ঘি ঢেলেছে নতুন আরেক খবর— প্রতিষ্ঠানটি এক রাঘব বোয়ালকে থলেতে পুরেছে। ব্লুমবার্গ-এর খবর যদি সত্যি হয় তাহলে ইয়াহুর প্রধান উন্নয়ন কর্মকর্তা জ্যাকুলিন রিসেস এখন মাথা খাটাচ্ছেন তার নতুন নিয়োগদাতা প্রতিষ্ঠান স্কয়ার নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 12:38 AM

Updated : 25 Apr 2022, 02:01 PM

রিসেস যে ইয়াহু ছেড়ে দিয়েছেন, সে বিষয়টি এই ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি এখনও স্বীকার করেনি— না প্রকাশ্যে না প্রতিষ্ঠানটির আভ্যন্তরীন কোনো ঘোষণায়।

তবে ইয়াহুর বিভিন্ন কর্মকর্তা জানিয়েছেন, তারা বিগত কয়েক মাসে ইয়াহুতে রিসেসকে খুব স্বল্প সময়ের জন্য আসতে দেখেছেন। এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইয়াহুতে রিসেসের কোনো অফিস পর্যন্ত ছিল না।

প্রযুক্তিবাণিজ্যবোদ্ধাদের কাছে ইয়াহু ছেড়ে রিসেসের স্কয়ারে যাওয়া বেশ নাটকীয় এবং অনেকেই নড়েচড়ে বসছেন নাটকের পরবর্তী অধ্যায় দেখার জন্য। ইয়াহুতে রিসেস আলিবাবা ডটকম-এ ইয়াহুর শেয়ার মালিকানার বিষয়গুলো দেখভাল করতেন। তারও আগে ২০১২ সালে তিনি যখন আলিবাবা ডটকম-এর বোর্ডে ছিলেন, তখন তিনি মার্কিন শেয়ারবাজারে আলিবাবার আইপিওসংশ্লিষ্ট বিষয়গুলো সামলেছেন। আলিবাবা ওই বছর শেয়ার বাজর থেকে আড়াই হাজার কোটি ডলার তুলে নিতে সক্ষম হয়, যা মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিওর ঘটনা।

কাজেই স্কয়ার যখন শেয়ার বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে তখন এখানে রিসেসের আনাগোনা যথেষ্টই গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসির সমালোচনা রয়েছে নেতা হিসেবে অনভিজ্ঞ বলে। সেখানে বোদ্ধারা বলছেন, রিসেসের উপস্থিতি সিইও মহোদয়ের নেতৃত্ব এবং শেয়ার বাজার দুটি দিকই সামলাতে সাহায্য করবে। যদিও রিসেস বা স্কয়ার কেউই এ বিষয়ে এখন পর্য ন্ত মুখ খোলেনি। তবে, সরল সমীকারণ বলছে স্কয়ারকে পাবলিক প্রতিষ্ঠানে পরিণত করতে রিসেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আর হ্যা, আরও একটি তথ্য খুঁজে বের করেছেন সাংবাদিকরা। রিসেস সম্প্রতি উডসাইড, ক্যালিফোর্নিয়ায় তার বাড়িটি বিক্রি করে দিয়েছেন। স্কয়ারের অফিস থেকে বাড়িটি যথেষ্টই দূরে ছিল বটে!