৩০ বছরে নিনটেনডো ইএস
৩০ বছরে পা দিল ভিডিও গেইম কনসোল নিনটেনডো এন্টারটেইনমেন্ট সিস্টেম। ১৯৮৫ সালের ১৮ অক্টোবর এই কনসোল উত্তর আমেরিকায় যাত্রা শুরু করেছিল।
৮-বিট ভিডিও গেইমের এই কনসোলটি হচ্ছে জাপানের বাইরে বের করা নিনটেনডোর প্রথম ভিডিও গেইম কনসোল। এটি ফেমিকম (ফ্যামিলি কম্পিউটার) নামেও পরিচিত ছিল। বিশ্বব্যাপী মোট ৬ কোটি ১৯ লাখ ১০ হাজার কনসোল বিক্রি হয়েছিল। উন্মুক্তভাবে থার্ড-পার্টি ডেভলাপদের সুযোগ দেওয়া প্রথম কনসোল এটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এই কনসোলে গেইমগুলোর মধ্যে সবচেয়ে স্মরণীয় গেইমটি হচ্ছে সুপার মারিও ব্রাদার্স। এটি ছিল সুপার মারিও সিরিজের প্রথম গেইম। অসম্ভব জনপ্রিয় এই গেইমটির গ্রাফিক্স কার করা বা নির্মাতা কোন প্রতিষ্ঠান সেটি ওই আমলে গেইমারদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। গেইমপ্লের কারণে গেইমটি কিশোরদের ছিল তুমুল জনপ্রিয়। গেইমটি খেলতে খেলতে অনেকের এমন অবস্থা হতো যে তারা চোখ বন্ধ করে এর প্রথম লেভেল পার করে দিতে পারত।
১৯৮৮ সালে আসে আরেক গেইম ডাবল ড্রাগন। এই আর্কেড গেইমটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য গেইমগুলো হচ্ছে ব্যাটম্যান, আইস হকি, দ্যা গার্ডিউয়ান লিজেন্ড ইত্যাদি।
