২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও যুক্তরাষ্ট্রে চীনের সাইবার হামলা

বাণিজ্যিক কারনে কেউ কারো উপর গুপ্তচরবৃত্তি চালাবে না, ওয়াশিংটন ও বেইজিংয়ের এমন সমঝোতার পরেও যুক্তরাষ্ট্রের ন্যূনতম সাতটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমন চালিয়েছে চীনা সরকার নিয়োজিত হ্যাকাররা –জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক ইনকর্পোরেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠান ও দুটি ফার্মাসিটিউক্যাল প্রতিষ্ঠানে চীনা সাইবার আক্রমনের আলমত খুঁজে পেয়েছে ক্রাউডস্ট্রাইক ইনকর্পোরেটের সফটওয়্যার।

২৫ সেপ্টেম্বর, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং বাণিজ্যিক গুপ্তচরবৃত্তি প্রসঙ্গে মৌখিক সমঝোতা করেছিলেন। কিন্ত তারপরেও সাইবার আক্রমন থামায়নি চীন।

নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের সহ-প্রতিষ্ঠাতা ডিমিট্রি আলপেরোভিচ জানিয়েছেন, সাইবার আক্রমনে ব্যবহৃত সার্ভার ও সফটওয়্যারের কারণে তার বিশ্বাস, আক্রান্ত সাতটি প্রতিষ্ঠানের পেছনে চীনা সরকারের হাত রয়েছে।

সোমবার এক ব্লগ পোস্টে ক্রাউডস্ট্রাইক জানিয়েছে, সাইবার আক্রমনের মূল উদ্দেশ্য মেধাস্বত্ত্ব ও বাণিজ্যিক কৌশল চুরির পথ আরও সহজ করে তোলা। এ প্রসঙ্গে চীনা সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীনা সরকার কোনো ধরনের সাইবার আক্রমন বা বাণিজ্যিক কৌশল চুরির সঙ্গে জড়িত নয়।

ক্রাউডস্ট্রাইকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হোয়াইট হাউসকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছে। তবে নিরাপত্তা প্রতিষ্ঠানটি আক্রমনের শিকার প্রতিষ্ঠানগুলোর নাম জানাতে রাজি হয়নি বলেই জানিয়েছে রয়টার্স। .

ওবামা প্রশাসনের একজন কর্মকর্তাও ক্রাউডস্ট্রাইকের কাছ থেকে সাইবার আক্রমনের সংবাদ পাবার বিষয়টি নিশ্চিত করেছে।