স্পর্শ অনুভব করবে ‘সেন্সর’
ত্বকের মতোই স্পর্শ অনুভবে সক্ষম এমন এক ধরণের নমনীয় সেন্সর তৈরি করেছেন গবেষকরা। শুধু স্পর্শ অনুভব নয়, শরীরে কোনো প্রকারের চাপ পড়লে, সেটিও সেন্সরটির দ্রুতগতির বৈদ্যুতিক পালসে ধরা পড়বে।
ইঁদুরের মস্তিষ্কের অংশবিশেষে ইতোমধ্যেই সেন্সরটির বৈদ্যুতিক পালস প্রবাহিত করে নিউরাল কার্যক্রম সৃষ্টি করতে পেরেছেন গবেষকরা।
গবেষণার পূর্ণ একটি প্রতিবেদন সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনটির অন্যতম লেখক ও গবেষক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রসায়ন প্র্রকৌশলী জেনান বাও জানিয়েছেন, প্লাস্টিকভিত্তিক এ সেন্সরটির প্রধান সুবিধা হচ্ছে, এটি পালসের এমন একটি ধরন সৃষ্টি করতে সক্ষম হয় যা স্নায়ুতন্ত্রে ধরা পড়ে।
এ প্রসঙ্গে বাও আরও বলেছেন, “এর আগেও প্লাস্টিক উপাদান দিয়ে আমরা এবং অন্যান্য ক্ষেত্রের গবেষকরা স্পর্শকাতর ‘টাচ সেন্সর’ বানাতে পেরেছিলাম, কিন্তু সেন্সর সঠিক ফরমেটের সিগনাল দিতে ব্যর্থ হওয়ায় মস্তিষ্ক তা ধরতে পারছিল না।”
বর্তমানে প্রচলিত যেসব টাচ সেন্সর রয়েছে, সেগুলোর বৈদ্যুতিক সিগনাল কম্পিউটারের সাহায্য ছাড়া ব্যাখ্যা করা যায় না। কিন্তু নতুন নির্মিত এ সেন্সরটির আলাদা করে কোনো কম্পিউটারের সাহায্যের প্রয়োজন পড়বে না। কারণ সেন্সরটিকে প্রিন্টেড ও সরল একটি বৈদ্যুতিক সার্কিটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এবং ওই সার্কিটটি সেন্সর ও মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক সিগনালের যোগাযোগ সৃষ্টি করে বলে জানিয়েছেন গবেষক বাও।
নিকট ভবিষ্যতে সেন্সরটির পরিধেয় প্রযুক্তিতে ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে বাওয়ের বক্তব্য হচ্ছে, “সেন্সরটি খুবই পাতলা এবং নমনীয়। এ ধরনের সেন্সর শরীরে স্থাপন করে সহজেই হৃৎপিন্ডের গতি বা রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ বিষয়াদির তথ্য জানা সম্ভব হবে।”
