২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প সময় ঘুমাতেন পূর্বপুরুষেরা

আমাদের চেয়েও হয়তো স্বল্প সময় ঘুমাতেন পূর্বপুরুষেরা। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণার একটি পর্যায়ে ধরা পড়েছে, প্রযুক্তি আমাদের ঘুম কাতরতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 03:57 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একদল গবেষক এই গবেষণাটি করেছেন। সুষ্ঠু গবেষণার জন্য গবেষকরা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী সমাজগুলোকে বেছে নিয়েছিলেন। কারণ ওই সমাজগুলোর জীবনযাত্রার সঙ্গে আমাদের পূর্বপুরষদের জীবনযাত্রার অনেকটাই মিল রয়েছে।

গবেষণার স্বার্থে প্রথমে ৯৮ জন মানুষকে এক হাজার একশ’ ৬৫ রাত পর্যবেক্ষণ করা হয়েছে বলেই জানিয়েছে বিবিসি। পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতি রাতে তারা গড়ে সাড়ে ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন।

এ ছাড়াও তাপমাত্রা ঘুমের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন গবেষকরা। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস-এর জেরোমি সিগেল জানিয়েছেন, তারা বেশ বিস্ময়কর একটি ব্যাপার দেখেছেন, তাপমাত্রা নিচে নেমে আসতে থাকাকালীন পর্যবেক্ষণে থাকা মানুষ ঘুমিয়ে পড়ছেন, আর তাপমাত্রা বেশি নিচে নেমে আসলেই তারা জেগে উঠছেন।

সিগেল আরও জানিয়েছেন, একটি বিষয় সম্পর্কে তিনি নিশ্চিত যে, তারা আধুনিক সমাজের চেয়ে স্বল্প সময় ঘুমিয়ে থাকেন। বিভিন্ন প্রযুক্তি গ্যাজেটের কারণে আধুনিক সমাজে বসবাসরত মানুষ তাদের তুলনায় একটু বেশি সময় ঘুমিয়ে থাকেন।

বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে গবেষকরা তানজানিয়ার হাডজা, নামিবিয়ার স্যান এবং বলিভিয়ার সিমান অঞ্চলেও গবেষণা চালিয়েছেন। তিন অঞ্চলের মানুষের মধ্যেই ঘুমের সময়ের ক্ষেত্রে বেশ মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন সিগেল। তিন অঞ্চলেই দেখা গেছে, সেখানের মানুষরা গড়ে সুর্যাস্তের ৩.৩ ঘন্টা পড়েই ঘুমিয়ে পড়ছে।

তবে যে ডেটার ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে, সেগুলোর বিষয়ে প্রশ্ন তুলেছেন ইউনিভার্সিটি অফ সারের অধ্যাপক ডের্ক-জ্যান ডিজক। তার মন্তব্য হচ্ছে, সংগৃহীত ডেটাগুলো আরও ভালোভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।