২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ‘রংধনুময়’ হচ্ছে ফেইসবুক

মার্কিনীদের মধ্যে সমলিঙ্গের প্রতি আকর্ষণের বিষয়টি আগের চেয়ে অনেক বেশি প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকে। সোশাল নেটওয়াকিং জয়ান্টের রিসার্চ ও ডেটা সায়েন্স বিভাগের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 08:12 AM

Updated : 22 Aug 2022, 01:34 PM

"ফেইসবুক থেকে শুধু সমকামী পরিচয় প্রকাশের সংখ্যাই নাটকীয়ভাবে বাড়েনি, সেই সঙ্গে ফেইসবুকের বাইরেও প্রতিদিন সমকামী মার্কিনীদের সংখ্যাও বেড়েছে।"- এমনটিই জানিয়েছে ফেইসবুকের রিসার্চ ও ডেটা সায়েন্স বিভাগ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সমষ্টিগত ও ‘ব্যক্তিপরিচয় অপ্রকাশিত’ তথ্য ব্যবহার করে এই গবেষণা করা হয়। ২০১৪ সালে প্রায় ৮ লাখ ব্যবহারকারী তাদের প্রোফাইলের তথ্য আপডেট করে তারা সমকামিতায় আকৃষ্ট বা লৈঙ্গিক পরিচয় জানিয়েছিলেন।

চলতি বছরে ফেইসবুকে সমকামী ব্যবহারকারীর সংখ্যা তিনগুণ বেড়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

চলতি বছর ২৬ জুন দেশটির সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিবাহে বৈধতা দেওয়ার পর সাইটটিতে বিশাল পরিবর্তন লক্ষ করা গেছে। ২০১৪ সালের তুলনায় দ্বিগুণ ব্যবহারকারী তাদের 'ইনটারেস্টেড ইন' স্ট্যাটাস বদলে সমলিঙ্গে আকৃষ্টতা দেখায় এমন স্ট্যাটাস দিয়েছেন। সমকামিতায় বৈধতা দেওয়ার পর ২ কোটি ৬০ লাখ ব্যবহারকারী তাদের প্রোফাইল পিকচারে 'রেইনবো ফিল্টার' দিয়ে এই ঘটনা উদযাপন করেন।

এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি মার্কিনি ফেইসবুকে সমলিঙ্গে আকৃষ্ট বলে প্রকাশ করেছেন। যদিও এই সংখ্যা শুধু 'ইন্টারেস্টেড ইন' আর 'কাস্টম জেন্ডার' স্ট্যাটাস দেওয়া ব্যবহারকারীদের হওয়ায় ফেইসবুক এই সংখ্যাটিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।