২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ লাখ পেরোল ‘স্টার সিটিজেন’

গেইমটি লঞ্চ করতে সাকুল্যে পাঁচ লাখ ডলারের লক্ষ্য স্থির করেছিলেন ডেভেলপাররা। তার জবাবটি হাত খুলে দিয়েছিলেন সাধারণ মানুষ যারা গেইমটি হাতে পাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। শেষ পর্যন্ত তহবিল সংগ্রহ হয়েছিল নয় কোটি ডলারেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 06:36 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

কেবল তহবিল নয়, জনপ্রিয়তাতেও আশাতীত সাফল্য দেখিয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তৈরি হওয়া গেইম ‘স্টার সিটিজেন’। ১০ লাখ গেইমারের মাইলফলক পার হওয়ার পাশাপাশি নির্মাতা ক্রিস রবার্টস নতুন সংস্করণেরও ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

২০১২ সালের শেষের দিকে কিকস্টার্টার প্ল্যাটফর্মে গেইমটি লঞ্চ করা হয়েছিল। ওই উদ্যোগে সংগ্রহ হয়েছিল প্রায় আড়াই কোটি ডলার। এর পর গেইমটির ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করা হয় বাকী তহবিল।

সমর্থকদের ওই সাহায্যের কথা ভুলে যাননি ডেভেলপাররা। গাঁটের পয়সা খরচ করে অংশবিশেষ সংস্করণটি কিনতে হলেও, তা বিনামূল্যে পাবেন গেইমটির অর্থদাতা সমর্থকরা।

মহাকাশ অভিযান আর সেখানে যুদ্ধ যুদ্ধ খেলাই এই গেইমটির মূল প্রতিপাদ্য। তবে নতুন সংস্করণে আরও নতুন অভিজ্ঞতা মিলবে।

১০ লাখ গেইমারের মাইলফলক উদযাপন করতে নতুন আর পূর্ণ সংস্করণ সম্পর্কে গেইমারদের পরিষ্কার ধারণা দেওয়ার লক্ষ্যেই আসন্ন ওই সংস্করণের অংশবিশেষ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতরা। স্টার সিটিজেনের আসন্ন ওই সংস্করণে গেইমাররা স্পেসশিপ চালানো থেকে শুরু করে মহাকাশ যুদ্ধে অংশগ্রহণ, মহাজাগতিক লেনদেন ইত্যাদি করতে পারবেন।

স্টার সিটিজেন প্রসঙ্গে গেইমটির নির্মাতা ক্রিস রবার্ট গেইমের ওয়েবসাইটে লিখেছেন, “আমি যখন যাত্রা শুরু করেছিলাম, তখন ভাবতেও পারিনি এতো মানুষ আমাদের সঙ্গে অভিযানে অংশগ্রহণ করবেন এবং স্টার সিটিজেন তৈরিতে এতটা সহযোগিতা করবেন।”

নতুন সংস্করণে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন এক্স ফাইলস-এর স্কালি খ্যাত অভিনেত্রী জিলিয়ান এন্ডারসন, আরও রয়েছেন মার্ক হ্যামিল আর গ্যারি ওল্ডম্যান।