ড্রোন লাইসেন্সের আইন আসছে যুক্তরাষ্ট্রে
এবার ড্রোন নিবন্ধনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে যুক্তরাষ্ট্র সরকার। এতদিন যেভাবে দেশটির যোগাযোগ বিভাগ (ডিওটি) গাড়ির নিবন্ধন করত, ঠিক একইভাবে এখন বাণিজ্যিক ও অবাণিজ্যিক সব ড্রোনও নিবন্ধন করা হবে।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া না হলেও, এনবিসি নিউজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, অদূর ভবিষ্যতে এই আইন করা হবে।
বড়দিনের ছুটিতে প্রচুর সংখ্যক ড্রোন কেনা হতে পারে। এ উপলক্ষ্যে এই ছুটিতেই ডিওটির কাছ থেকে ড্রোন নিবন্ধন শুরু হবে। তবে, বর্তমানে ব্যবহৃত অবস্থায় আছে এমন ড্রোনগুলো কীভাবে নিবন্ধন করা হবে সেই বিষয়টি অস্পষ্ট থেকেই যাচ্ছে।
এক বিবৃতিতে জার্মান প্রতিষ্ঠান ডেড্রোনের প্রতিষ্ঠাতা জর্গ ল্যামপ্রেচট বলেন, “ডিওটি'র জাতীয়ভাবে ড্রোন নিবন্ধন প্রমাণ করে ড্রোন এয়ারক্র্যাফট, নিরাপত্তা ও প্রাইভেসির জন্য কতোটা বিপদজনক হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বড় 'চ্যালেঞ্জ' হচ্ছে যদিও অনেক ড্রোন নিবন্ধন করা হবে। কিন্তু তারপরও অনেক অনিবন্ধিত ড্রোন ইন্টারনেট আর কালোবাজারে বিক্রি হবে।”
কী ধরনের ড্রোনগুলো নিবন্ধনের তালিকায় আনা হবে আর কীভাবে বর্তমানে ব্যবহৃত ড্রোনগুলো নিবন্ধন করা হবে তা নিয়ে একটি টাস্কফোর্স পরবর্তী সপ্তাহে বৈঠক করবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এ বিষয়ে এখনও স্পষ্ট হওয়া না গেলেও, সামনের সোমবার এক অনুষ্ঠানে নির্দিষ্টভাবে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিওটি।
