বই-স্ক্যানিং মামলায় গুগলের জয়
কপিরাইট আইন লংঘন না করেই অনলাইন লাইব্রেরি গড়ে তোলার জন্য লাখো বই স্ক্যান করতে পারবে গুগল -শুক্রবার এই রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুগলের এ পদক্ষেপে মেধাস্বত্ত্ব অধিকার লংঘিত হবে বলে লেখকরা যে আপত্তি জানিয়েছিলেন, তা আমলে নেয়নি যুক্তরাষ্ট্র আদালত।
মামলার রায়ে বিচারক পিয়েরে লেভাল লিখেছেন, “গুগল ব্যবহারকারীদের কাংঙ্ক্ষিত বইয়ের অংশবিশেষ দেখিয়ে, তাদেরকে বইটির খোঁজ দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ বইটি দিচ্ছে না। এতে করে গ্রন্থকারদের কপিরাইট লংঘিত হওয়ার কোনো আশঙ্কা থাকছে না।”
এ প্রসঙ্গে অথর্স গিল্ডের নির্বাহী পরিচালক মেরি রোজেনবার্গ জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তটি হতাশাজনক। গুগলের এই ‘অনলাইন লাইব্রেরি’ প্রকল্প বন্ধের লক্ষ্যে ২০০৫ সালে অথর্স গিল্ড এবং এর বাইরের লেখকরা মিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
মামলার রায় গুগলের বিপক্ষে গেলে, প্রতিষ্ঠানটিকে শত শত কোটি ডলার অর্থ জরিমানা হিসেবে গুনতে হত বলেই জানিয়েছে মার্কিন এই ওয়েব জায়ান্ট। এ রায় প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র বলেছেন, “প্রকল্পটির যে কোনো অপব্যবহার করা হচ্ছে না, সেটি আদালত নিশ্চিত করে দেওয়ায় আমরা সন্তুষ্ট।”
অন্যদিকে এ প্রসঙ্গে রোজেনবার্গ বলেছেন, “আদালত যে এ সিদ্ধান্তটির গভীর গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়েছে, সে বিষয়টি আমাদের জন্য বেশ দুঃখজনক। বিষয়টি যদি এভাবেই থাকে, তাহলে তা কপিরাইটে উৎসাহদান এবং একটি পর্যায়ে আমাদের সাহিত্য ঐতিহ্যে প্রভাব ফেলবে।”
বিষয়টি নিয়ে অথর্স গিল্ড যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে বিবিসি।
