হ্যাক করা যায় সিরি ও গুগল নাও
গুগল আর অ্যাপলের ইন্টিলিজেন্ট পারসোনাল অ্যাসিস্ট্যান্ট সেবা গুগল নাউ আর সিরি হ্যাক করতে পারেন হ্যাকাররা। দূর থেকেই অনায়াসে এই হ্যাক করার নতুন উপায় নিয়ে প্রতিবেদন দিয়েছে ফ্রেঞ্চ নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এজেন্সির গবেষকরা।
ব্যবহারকারীর স্মার্টফোন হ্যাক করে এই পদ্ধতিতে হ্যাকাররা গোপনে কোনো ওয়াবসাইট খোলা, ফোনালাপে আড়ি পাতা, টেক্সট মেসেজ পাঠানোর মতো কাজ করতে পারেন।
প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ডের বরাত দিতে সংবাদ সাইট এবিসি নিউজ জানিয়েছে, কোনো স্মার্টফোনে সিরি বা গুগল চালু থাকায় অবস্থায় একজোড়া মাইক্রোফোনসহ হেডফোন প্লাগ ইন করা হলে, হেডফোনের তারকে অ্যান্টেনা হিসেবে ব্যবহার করতে পারবেন হ্যাকাররা। একটি ল্যাপটপ নিয়ে রেডিও সফটওয়্যার, একটি অ্যামপ্লিফায়ার আর একটি অ্যান্টেনা ব্যবহার করে রেডিও তরঙ্গ পাঠানোর মাধ্যমে ভয়েস কমান্ড দিতে পারবেন তারা। এই কমান্ড টার্গেট করা স্মার্টফোনের তারে পাঠানো হলে, স্মার্টফোনটিও ওই আদেশ অনুযায়ী কাজ করবে।
অ্যাপল বা গুগল কেউই এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করে নি।
সিরি বা গুগল নাউ বন্ধ করে রাখার মাধ্যমে ব্যবহারকারীরা এমন বিড়ম্বনার হাত থেকে বাঁচতে পারেন বলে জানিয়েছেন গবেষকরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানদুটির হেডফোনের তারকে আরও সুরক্ষিত করতে বা এমন আক্রমণ প্রতিহত করতে ইলেক্ট্রোম্যাগনেটিক সেন্সর ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
সেই সঙ্গে প্রতিষ্ঠানদুটির ভার্চুয়াল পারসোনাল অ্যাসিস্ট্যান্ট চালুর জন্য যার যার নিজস্ব 'ওয়েক ওয়ার্ডস' বা চালু করার শব্দ ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তারা।
