মার্কিন শেয়ারবাজারে ডেটিং সাইট 'ম্যাচ'
বাজারে শেয়ার ছাড়ছে মার্কিন মিডিয়া ও ইন্টারনেটবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারঅ্যাকটিভ কর্পোরেশনের (আইএসি) ম্যাচ গ্রুপ। প্রথমে মোট ১০ কোটি ডলারের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠানটি, যদিও তা পরিবর্তন করা হতে পারে। 'এমটিসিএইচ' নামে নাসডাক স্টক এক্সচেঞ্জে শেয়ার ছাড়ছে তারা।
অনলাইন ডেটিং সার্ভিস ম্যাচ ডট কম, স্থানভিত্তিক ডেটিং অ্যাপ টিন্ডার আর বিনামূল্যের অনলাইন ডেটিং সার্ভিস অকুপাইড এই ম্যাচ গ্রুপের আওতাধীন।
এই শেয়ার ছাড়ার পরও অধিকাংশ নিয়ন্ত্রণ আইএসি'র হাতেই থাকবে বলে জানিয়েছে সংবাদ সাইট এবিসি নিউজ।
শেষ তিন বছরের প্রতি বছরই ম্যাচ গ্রুপ লাভ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছর ৩০ জুন করা প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ছিল ১শ' কোটি ডলার। এ বছরের শেষে ৫৭ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে আরেকটি অনলাইন ডেটিং সাইট প্লেন্টিঅফসাইট কেনার আশা করছে তারা।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ম্যাচ গ্রপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ। এদের মধ্যে টাকা দিয়ে ব্যবহার করে ৪৭ লাখ সদস্য। বর্তমানে ১শ' ৯০টি দেশে ৩৮টি ভাষায় তাদের 'ডেটিং প্রোডাক্ট' ব্যবহার করা হয়।
বর্তমানে শেষ চার বছরে সবচেয়ে নিম্নগতিতে আছে শেয়ারবাজার। আর এমন সময়ই শেয়ার ছাড়ছে ম্যাচ গ্রুপ।
প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দী ডেটিং সাইট ও অ্যাপ অপারেটর জুস্ক ২০১৪ সালের এপ্রিলে শেয়ার বাজারে প্রবেশ করে। সেসময় জুস্কের আয় ছিল ১৭ কোটি ৮০ লাখ ডলার।
