যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটেও পাসপোর্ট
শুনতে অবাক করা লাগলেও, এটাই সত্যি যে ২০১৬ সাল থেকে নিজ দেশের ভিতরেও প্লেনে যাতায়াত করতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাসপোর্ট ব্যবহার করতে হবে। কঠোর নিরাপত্তা নীতিমালা বাস্তবায়নে আইডি ব্যবস্থা উন্নত করতেই এমন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রায় দশ বছর আগে ড্রাইভিং লাইসেন্সসহ রাষ্ট্রীয় পরিচয়পত্রগুলোর ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন করে যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু, লুইসিয়ানা, মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার আর নিউ ইয়র্ক- এ চারটি অঙ্গরাজ্য এই নীতিমালা প্রত্যাখ্যান করে।
এ কারণে, ওই চার অঙ্গরাজ্যকে ২০১৬ সালের মধ্যে তাদের নাগরিকদের আইডি পদ্ধতি উন্নত করতে বলা হয়েছে। তা না হলে, দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের ভ্রমণ নিরাপত্তাবিষয়ক সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সি (টিএসএ) এই অঙ্গরাজ্যের নাগরিকদের কাছে দেশের ভিতরে প্লেনে ভ্রমণের ক্ষেত্রেও পাসপোর্ট সঙ্গে রাখার আদেশ দেবে। দেশটির সরকারি সূত্রমতে, এই চার অঙ্গরাজ্যে প্রায় ৯৫ লাখ ড্রাইভিং লাইসেন্স নিবন্ধন করা আছে।
মিনেসোটা বাদে অন্যান্য অঙ্গরাজ্যগুলো এ বিষয়ে বাড়তি সময় চেয়েছে। এ নিয়ে জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়, “২০১৬ সালের জানুয়ারিতে নাগাদ মিনেসোটাবাসী হয়তোবা ড্রাইভিং লাইসেন্স বা আইডি দিয়ে কেন্দ্রীয়ভাবে পরিচালিত বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে পারবে না।”
মঙ্গলবার নিউ ইয়র্ক আর লুইসিয়ানা অঙ্গরাজ্য এ বিষয়ে সাময়িক ছাড় মঞ্জুর করেছে। আর এখন তারা নতুন আইন প্রণয়ন, নতুন কার্ড বানানো আর তা জনগণের জন্য নিবন্ধন করার কথা ভাবছে।
সম্প্রতি, নিউ হ্যাম্পশায়ারের ড্রাইভিং লাইসেন্সগুলো ওয়াশিংটনের কেন্দ্রীয় ভবনগুলো থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের লাইসেন্সবিষয়ক কর্মকর্তারা।
৫৫ ডলারের পাসপোর্ট কার্ড আর ১শ’ ৩৫ ডলারের পাসপোর্ট বই অনুমোদিত আইডি হিসেবে গ্রহণ করবে টিএসএ।
