২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোনের চিপ নিয়ে ইনটেলের তৎপরতা

আইফোনের পরবর্তী মডেলে নতুন প্রজন্মের এলটিই মডেম চিপ সরবরাহ করার জন্য উঠে পরে লেগেছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। বলা হচ্ছে আইফোনের পরবর্তী মডেলের জন্য ইনটেলের ৭৩৬০ এলটিই সরবরাহ করতে প্রতিষ্ঠানটির ১ হাজার কর্মীর একটি দল টানা কাজ করছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, কোয়ালকমের তৈরি ৯এক্স৪৫ এলটিই চিপকে হটিয়ে আইফোনের জন্য তৈরি এলটিই মডেম চিপের নিয়মিত সরবরাহকারীর অবস্থান দখল করতে চায় ইনটেল।

বর্তমান আইফোনের জন্য অ্যাপলের তৈরি এএক্স চিপের মতো ‘সিস্টেম-অন-এ-চিপ’ বা ‘সক’ তৈরি করতে চায় ইনটেল। যাতে ছোট, দ্রুতগতির বিদ্যুৎ সাশ্রয়ী একটি প্ল্যাটফর্মেই স্মার্টফোনের প্রসেসর এবং এলটিই মডেম বসানো সম্ভব হবে।

আইপোন ৬এসের এ৯ চিপের জন্য অ্যাপল এতদিন প্রতিদ্বন্দ্বী স্যামসাং এবং টিএসএমসির উপরই নির্ভর করেছে। আর এলটিই মডেম কিনেছে কোয়ালকমের কাছ থেকে।

ইনটেলের সঙ্গে মাইক্রোচিপ নিয়ে অংশীদারিত্বে আসতে পারলে অ্যাপলের চিপ ডিজাইন এবং নির্মাণের ঝক্কি যেমন কমবে তেমনি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর উপরও নির্ভর করতে হবে না মর্বিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটিকে।

মাইক্রোচিপ নিয়ে বেশ কিছু দিন ধরেই স্বয়ংসম্পূর্ণতা পেতে চাইছে অ্যাপল। গত দুই বছরে ইনটেলের মালিকানাধীন ‘ইনফিনিওন’-এর একাধিক শীর্ষস্থানীয় কর্মীকে নিয়োগ দিয়েছে অ্যাপল। ২০১১ সালে ইনটেলের মালিকানায় যাওয়ার আগ পর্যন্ত আইফোনের জন্য ৩জি মডেম সরবরাহ করত ওই প্রতিষ্ঠানটি। এরপরই মডেমের জন্য কোয়ালকমের শরণাপন্ন হয়েছিল অ্যাপল।