বাংলাদেশে এল সিডস্টার্স ওয়ার্ল্ড
স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা সিডস্টার্স প্রথমবারের সতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও সিডস্টার্স ঢাকার যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে শনিবার এক সংবাদ সেম্মেলনে জানিয়েছে বেসিস।
স্টার্টআপগুলোর মানোন্নয়নে সহায়ক এই প্রতিযোগিতা লেনদেন, ভ্রমণ এবং প্রযুক্তি এই তিনটি বিভাগে আয়োজিত হবে। আঞ্চলিক পর্যায়ের সেরা ১২টিরও বেশি স্টার্টআপ ২০১৬ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। বিজয়ীর জন্য থাকবে সর্বোচ্চ ৫ লাখ ডলার পুরস্কার।
বেসিস সভাকক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, নতুন উদ্যোক্তা তৈরি করা এবং দেশীয় তরুণ উদ্যোক্তাদের দেশে এবং বিদেশে বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশে সিডস্টার্স ওয়ার্ল্ডের অ্যাম্বাসাডর ও প্রতিযোগিতার সার্বিক তত্তাবধায়ক মিনহাজ আনওয়ার জানান, সিডস্টার্স স্টার্টআপ এবং উদ্ভাবকদের বিশেষ করে আর্থিক এবং ভ্রমণসেবাভিত্তিক ব্যবসাগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পৌছে দিতে কাজ করে যাচ্ছে। যার লক্ষ্য দেশের স্টার্টআপগুলোকে বাইরের বিশ্বেও প্রতিষ্ঠিত করা।
“আমরা খুঁজছি ঢাকা থেকেই পরবর্তী বিকাশ, ইউবার বা ট্রিপঅ্যাডভাইজারের মতো স্টার্টআপগুলো।”- বলেন মিনহাজ।
প্রতিযোগিতার অংশ হিসেবে ৩, ৪, ৫ ও ১৩ নভেম্বর লেনদেন, ভ্রমণ, প্রযুক্তি এবং প্রযুক্তিতে নারী এই চারটি বিষয়ে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী স্টার্টআপগুলোকে নিয়ে ৩ দিনের বুটক্যাম্প হবে ১২ থেকে ১৪ নভেম্বর।
কর্মশালায় অংশ নিতে http://bit.ly/sswdhaka এবং আগামী বছরের ৩ মার্চ মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে http:/ww/w.seedstarsworld.com/event/seedstars-dhaka-2015/ লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।
প্রতিযোগিতাটিতে অংশগ্রহণে প্রাথমিক শর্তের মধ্যে রয়েছে, স্টার্টআপ প্রতিষ্ঠানের সময় ২ বছরের কম হতে হবে, বিনিয়োগের পরিমান ৫ লাখ ডলারের কম হতে হবে এবং নূণ্যতম একটি ডেমো পণ্য থাকতে হবে।
সিডস্টার্স ওয়ার্ল্ড সারাবিশ্বে এমন কিছু স্টার্টআপের সন্ধান করছে যারা নিজেদের আঞ্চলিক সমস্যাগুলো সমাধানে কাজ করছে এবং বৈশ্বিকভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে নিজেদের পরিচিতি তুলে ধরতে চাইছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি), ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল ও বিডি ভেঞ্চার লিমিটেড। সহযোগিতায় থাকছে বেটারস্টোরিজ লিমিটেড ও প্রেনিউরল্যাব।
