ডেকে পাঠানো হচ্ছে ৮৫ লাখ ফোকসভাগেন
জানুয়ারিতে ইউরোপিয়ান ডিলারদের কাছে নিজেদের ত্রুটিযুক্ত ৮৫ লাখ ডিজেল-চালিত গাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেন (বাংলাদেশে অনেকেই ভক্সওয়াগন বলেন)। ইতোমধ্যেই ‘ডিজেলগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পাওয়া সমস্যাটি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানটি ঢিলেমি করায় চটেছেন জার্মান কর্মকর্তারা।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুধু জার্মানি থেকেই ফোকসভাগেনের ২৪ লাখ গাড়ি ইউরোপিয়ান ডিলারদের কাছে ফেরত পাঠাতে হবে।
অভিযোগে বলা হয়েছে, ফোকসভাগেনের ওই গাড়িগুলোর ডিজেল ইঞ্জিন থেকে কার্বন নিঃসরণের সার্বক্ষণিক রিডিং নেওয়ার কাজটি গাড়ি স্টার্ট করার কয়েক মিনিট পরেই আপনাআপনি বন্ধ হয়ে যায়। মূল অভিযোগ হল, ফোকসভাগেনের গাড়িতে ব্যবহৃত সফটওয়্যারে ‘ইচ্ছে করেই’ এই ত্রুটি তৈরি করা হয়েছে মূলত গাড়িগুলোর পরিবেশগত কর্মদক্ষতা ভাল দেখানোর জন্য।
উল্লিখিত ত্রুটি সারানোর লক্ষে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রস্তাব করা হয় গাড়ির মালিকরা নিজেরাই ওই ত্রুটি সারাতে ডিলারদের কাছে গাড়ি নিয়ে যাবেন এবং ফোকসভাগেন ত্রুটি সারিয়ে দেবে। ফোকসভাগেনের প্রস্তাবিত পরিকল্পনায় সন্তুষ্ট হতে পারেননি জার্মান কর্মকর্তারা। কারণ হিসেবে বলা হয়, এতে নির্মাতা প্রতিষ্ঠানের খরচ অনেক কম হলেও গাড়ির মালিকরা এ ধরনের ত্রুটি সারাতে গড়িমসি করেন, বিশেষ করে যে ত্রুটি গাড়ির মালিকের জন্য হুমকি বা ক্ষতিকর নয়।
জার্মান ফেডারেল মোটর ট্রান্সপোর্ট অথরিটি ফোকসভাগেনের প্রস্তাবটি প্রত্যাখ্যানের পর প্রতিষ্ঠানটি নিজেরাই ত্রুটিযুক্ত গাড়ি ডিলারের কাছে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে ম্যাশএবল।
অক্টোবর মাসেই গাড়িগুলো ঠিক করার পরিকল্পনা করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে ফোকসভাগেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
