২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসওয়ার্ড পদ্ধতি বাদ দিল ইয়াহু!

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কোনো পাসওয়ার্ড ছাড়াই নিরাপদে, ইয়াহু মেইল অ্যাপের নতুন সংস্করণ থেকে নিজ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। ১৫ অক্টোবর এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 02:36 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, ইয়াহু মেইল অ্যাপের নতুন সংস্করণের বিশেষ এ ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘ইয়াহু অ্যাকাউন্ট কি’।

ইয়াহু অ্যাকাউন্ট কি-এর সাহায্যে নিজ অ্যাকাউন্টে প্রবেশের জন্য ব্যবহারকারীদের শুধু নাম লিখে নিজস্ব আইওএস বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি ‘পুশ অ্যালার্ট’ পাঠাতে হবে। পুশ অ্যালার্ট পাঠানো মাত্র স্মার্টফোনটি ব্যবহারকারীকে জানিয়ে দেবে, কোনো ব্যক্তি তার অ্যাকাউন্টে প্রবেশাধিকার চাচ্ছেন। এরপর শুধু একটি ট্যাপের মাধ্যমেই ব্যবহারকারীরা নিজ অ্যাকাউন্টের ইমেইল ইনবক্সে প্রবেশ করতে পারবেন।

এ প্রসঙ্গে ইয়াহুর সেবা পরিচালনা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডিলান কেইসি এক ব্লগ পোস্টে বলেছেন, “সাধারণত মানুষ সহজেই পাসওয়ার্ড ভুলে যায় এবং পাসওয়ার্ড হ্যাক করাটাও বেশ সহজ। অন্যদিকে ‘অ্যাকাউন্ট কি’ হচ্ছে নিরাপদ, সুষ্ঠু ও সহজে ব্যবহারযোগ্য একটি সাইন ইন প্রক্রিয়া, যা প্রবেশের বিষয়টিকে অনেক সহজ করে এনেছে। ফলে ‘ট্যাপিং’ এখন বাটনের পর্যায়ে চলে এসেছে।

কেইসি আরও জানিয়েছেন, সাইন-ইন করার নতুন এ প্রক্রিয়াটি প্রচলিত পাসওয়ার্ড প্রক্রিয়ার চেয়েও নিরাপদ, কারণ অ্যাপে একবার অ্যাকাউন্ট কি চালু করে নেওয়ার পর অন্য কারো কাছে যত অ্যাকাউন্ট তথ্যই থাকুক না কেন, তিনি অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাবেন না।