আইএস সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় গ্রেপ্তার ১
আইএসের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইল হ্যাকিংয়ের অভিযোগে কসোভোর এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ায়। ২০ বছর বয়সী ওই ব্যক্তিকে ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ায় গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ‘কসোভো হ্যাকার্স সিকিউরিটি (কেএইচএস)’ নামে পরিচিত হ্যাকারদের দলের সদস্য আরদিত ফেরিজি বলে চিহ্নিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।
ফেরিজিকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ করা হবে বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ফেরিজি ১৩৫১ জন মার্কিন সামরিক ও সরকারি কর্মকর্তার ব্যক্তিগত তথ্য চুরি করে নেন বলে এক দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
তার বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিং ও পরিচয় চুরির অভিযোগ আনা হবে এবং দোষী প্রমাণিত হলে তার ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
মালয়েশিয়ার পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৪ সালের অগাস্ট মাসে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়ার জন্য মালয়েশিয়ার আসেন ফেরিজি। চলতি বছরের জুন থেকে অগাস্ট মাসের মধ্যে ওই মার্কিন প্রতিষ্ঠানের উপর সাইবার হামলা চালিয়ে সংগ্রহ করা তথ্য জুনায়েদ হুসাইন নামে পরিচয় দানকারী এক আইএস সদস্যের কাছে পাচার করেন। হুসাইন পরবর্তীতে ওই তথ্য অনলাইনে প্রকাশ করে হামলার হুমকি দেয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি কয়েকটি সার্ভার হ্যাক করে মার্কিন কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।– বলা হয়েছে মালয়েশিয়ার পুলিশবাহিনীর পক্ষ থেকে।
