আসছে হেন্ডোর হোভারবোর্ড ২.০
চলতি বছর ২১ অক্টোবর হেন্ডো হোভারবোর্ডের ২য় সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে আর্ক্স প্যাক্স। ২০১৪ সালে এর প্রথম সংস্করণ নিয়ে কিকস্টার্টার ক্যাম্পেইনের ৫ লাখ ১০ হাজার ডলারের তহবিল সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, হেন্ডো হোভারবোর্ড দ্বিতীয় সংস্করণ দেখতে অনেকটা স্কেটবোর্ডের মতো হবে বলে জানিয়েছেন আর্ক্স প্যাক্স প্রধান গ্রেগ হেন্ডারসোন। ৩৬ ইঞ্চি লম্বা আর ১০ ইঞ্চি চওড়া এই হেন্ডো হোভারবোর্ড থাকবে ফ্রন্ট আর রিয়ার কিক টেইলস।
হেন্ডো হোভারবোর্ডের প্রথমটির নিয়ন্ত্রণ বেশ কঠিন ছিল বলে অভিযোগ করেছিলেন অনেকে। দ্বিতীয় সংস্করণে এই সমস্যা কাটিয়ে উঠতে প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করেছেন পেশাদার স্কেটবোর্ডার টোনি হক।
হেন্ডারসন বলেন, “যদি আপনি ডানে ঘুরতে চান, স্কেইটবোর্ডের উপর শুধু ডান দিকে কাত হোন। যারা স্কেটবোর্ডিং করেন তারা এই ব্যাপারিট ভাল বুঝবেন।” প্রয়োজনমত কিকস্টার্টার ক্যাম্পেইনে অংশ নিয়ে আগ্রহী ক্রেতারা হোভারবোর্ডগুলোতে পছন্দমতো পরিবর্তন আনতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
হেন্ডো হোভারবোর্ডের এই নতুন সংস্করণে আরও উন্নত ব্যাটারি আর ইউএসবি ২.০ সংযোগ থাকবে বলে জানিয়েছে এর নির্মাতারা।
